২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি’র নির্বাচনী ইশতেহার প্রকাশ

ভারতে লোকসভা নির্বাচন শুরুর দিনই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সোমবার সকালে দলের সদরদপ্তরে বিজেপি নেতাদের প্রকাশিত ৫২ পৃষ্ঠার এ ইশতেহারে নির্বাচনে জিতলে দেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নসহ দুর্নীতির রাশ টেনে ধরার অঙ্গীকারসহ উত্তরাঞ্চলীয় শহর অযোধ্যায় রামমন্দির নির্মাণের মতো বিতর্কিত প্রতিশ্রুতিও রয়েছে।

এছাড়া, কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশে সরাসরি বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা, মহিলাদের নিরাপত্তার জন্য আলাদা পুলিশ মোতায়েন এবং প্রশাসনে স্বচ্ছতা আনার কথাও বলা হয়েছে ইশতেহারে।ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বিজেপির প্রধামন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী বলেন, “এ ইশতেহার শুধু কাগজের নথি নয়; এটি আমাদের লক্ষ্য, আমাদের দিকনির্দেশনা। সুশাসন এবং উন্নয়নই আমাদের লক্ষ্য।”মোদী ইতিমধ্যেই বলেছেন, তিনি দেশে আরও একশোটি নতুন শহর গড়তে চান। স্মার্ট সিটি, হেলথ সিটি, টুইন সিটিও গড়া হবে। বুলেট ট্রেনও চালাতে চান মোদী। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এসবই উল্লেখ রয়েছে ইস্তেহারে।তাছাড়া, স্বাস্থ্যের অধিকার, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুনিশ্চিত করা, সবার জন্য বাড়ি, বড় শিল্পের সঙ্গে ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নও তাঁর লক্ষ্য। মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের জন্য করের বোঝা লাঘব করতেও আগ্রহী তিনি।মনমোহন সিংয়ের আমলে দেশের অর্থনীতি যে ভাবে ভেঙে পড়েছে, তার জবাব রয়েছে বিজেপি’র এ ইস্তাহারে। দেশি-বিদেশি লগ্নিকারীদের আস্থা ফেরানোর জন্য কিছু ঘোষণার পাশাপাশি উৎপাদন শিল্পকে চাঙ্গা করে রোজগার বাড়ানোও মোদীর লক্ষ্য।