‘নিখোঁজ বিমানের সম্ভাব্য সঙ্কেত শনাক্ত’
ভারত মহাসাগরে নিখোঁজ মালয়েশীয় বিমানটির ব্ল্যাক বক্সের সঙ্কেতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সঙ্কেত শনাক্ত করেছে একটি অস্ট্রেলীয় অনুসন্ধানকারী জাহাজ।
সোমবার এ কথা জানিয়েছেন বিমান তল্লাশি অভিযান সমন্বয়কারী অস্ট্রেলীয় কর্তৃপক্ষের প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অ্যাঙ্গাস হিউস্টন।পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পরিষ্কারভাবে এটিই সবেচেয়ে আশাব্যঞ্জক অগ্রগতি।”পার্থের উত্তরপশ্চিমের ভারত মহাসাগর থেকে এ পর্যন্ত দুটি সঙ্কেত শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।প্রথমবার আড়াই ঘন্টা ধরে জাহাজ থেকে সঙ্কেতটি শনাক্ত করা হয়। সংযোগ হারিয়ে যাওয়ার পর জাহাজ ঘুরিয়ে ফিরে আসার পর আরো ১৩ মিনিট ধরে সঙ্কেতটি শনাক্ত করা হয়।হিউস্টন বলেন, “এবার দুটি পরিষ্কার শব্দ শোনা গেছে। উল্লেখযোগ্য হল, এ দুটি শব্দ বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার থেকে নিঃসরিত সঙ্কেতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।এ দুটি শব্দ নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০’র ব্ল্যাক বক্স থেকেই আসছে কিনা তা নিশ্চিত হতে কয়েকদিন লেগে যাবে বলে জানিয়েছেন তিনি।৮ মার্চ মধ্যরাতে দিনের প্রথম প্রহরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে বোয়িং নির্মিত অত্যাধুনিক ৭৭৭ বিমানটি রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়।এ সময় বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিল। যাত্রীদের অধিকাংশই চীনের নাগরিক।বিমানটির ব্ল্যাক বক্স ভারত মহাসাগরের তলদেশে পড়ে আছে বলে মনে করছেন তদন্তকারীরা। ব্ল্যাক বক্সে লাগানো একটি অবস্থান জানান দেয়ার যন্ত্র (লোকেটর বেকনস) অনবরত সঙ্কেত পাঠাচ্ছে।বিশ্বের বৃহত্তম তল্লাশি অভিযানে মাসব্যাপী ব্যাপক অনুসন্ধানের পর সেই সঙ্কেত শনাক্ত করা গেছে বলেই মনে করছেন অনুসন্ধানকারীরা।কিন্তু লোকেটর বেকনের ব্যাটারির চার্জ ৩০ দিন মেয়াদি, আর ৮ মার্চের পর ৭ এপ্রিল, সোমাবার সেই মেয়াদ পার হয়ে যাবে।এর আগে চীনা জাহাজ মহাসাগরের যে এলাকা থেকে সঙ্কেত শনাক্ত করেছিল অস্ট্রেলীয় জাহাজ তার থেকে ৩শ’ নটিক্যাল মাইল দূরে সঙ্কেত শনাক্ত করেছে। চীনা জাহাজের শনাক্ত করা শব্দ বিমানের ব্ল্যাক বক্স থেকে নিঃসরিত শব্দ সঙ্কেতের তরঙ্গের সঙ্গে পুরোপুরি খাপ খায় বলে জানানো হয়েছিল।হিউস্টন জানিয়েছেন, যদি সঙ্কেতের এলাকা ছোট করে আনা যায় তাহলে সঙ্কেত নিশ্চিত করার জন্য ব্লুফিন ২১ নামের একটি মানুষবিহীন পাতালযান (সমুদ্র তলদেশে গমনকারী) সমুদ্র তলে পাঠানো হবে।সাগরের ওই নির্দিষ্ট এলাকাটির গভীরতা সাড়ে চার কিলোমিটার এবং ব্লুফিনের আওতাও সাড়ে চার কিলোমিটার বলে জানিয়েছেন তিনি।“আমরা সামর্থ্যের শেষ পর্যায়ে আছি। যদি বিমানটি সাগরের আরো গভীরে থাকে তাহলে আমাদের সামর্থ্য সীমিত হয়ে পড়তে পারে। সাগরের এত গভীরে কোনো ঘটনা ঘটেনি আগে,” বলেন তিনি।অস্ট্রেলীয় জাহাজ যে এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করছেন তার থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে চীনা জাহাজের শব্দ শানাক্তের এলাকায়ও অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন হিউস্টন।
