অস্ত্রবিরতির সময় বাড়াল পাকিস্তানি তালেবান
পাকিস্তানি তালেবান অস্ত্রবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে। ১ মার্চ থেকে এক মাসের জন্য অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
শুক্রবার তা বাড়িয়ে ১০ এপ্রিল পর্যন্ত অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। বিদ্রোহী-জঙ্গি এই গোষ্ঠীটির এক মুখপাত্র এ ঘোষণার কথা জানান।
পাকিস্তানি সরকার বৃহস্পতিবার ১৬ তালেবান সদস্যকে মুক্তি দেয়ার ধারাবাহিকতায় সংগঠনটি এই পদক্ষেপ গ্রহণ করল।
এক বিবৃতিতে তালেবান মুখপাত্র শহিদুল্লাহ শহিদ বলেন, “তেহরিক-ই-তালেবান আবারো তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে যথাযথ নির্দেশনা ও উত্তরের অপেক্ষায় এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত অস্ত্রবিরতির সময়মীসা বাড়ানোর ঘোষণা দিচ্ছে।”
বিবৃতিতে আরো বলা হয়, “এই সময়ের মধ্যে সকল মুজাহিদিনকে সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া যাচ্ছে।”
এরআগে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে জঙ্গি গোষ্ঠীর ১৬ সদস্যকে মুক্তি দেয় পাকিস্তান সরকার।
দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুমোদনের পর তাদের মুক্তি দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান।
দক্ষিণ ওয়াজিরিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তা ইসলাম জেব রয়টার্সকে বলেন, ১ এপ্রিল দক্ষিণ ওয়াজিরিস্তান প্রশাসন ১৬ জনকে মুক্তি দিয়েছে।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত ওয়াজিরিস্তানে ২০০৯ সাল থেকে তালেবান জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের সহিংসতার মুখে অন্তত পাঁচ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা শুরুর পর মার্চে মোহমান্দ পশতুন উপজাতি এলাকায় জঙ্গি হামলায় ২৩ সেনা সদস্য নিহত হওয়ার পর তা ভেস্তে যায়। তালেবান অস্ত্রবিরতিতে না গেলে তাদের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয় বলে জানিয়ে দেয় সরকার।
এরপর ১ মার্চ থেকে এক মাসের যুদ্ধবিরতির ঘোষণা দেয় পাকিস্তান তালেবান। তবে সরকার তাদের দাবি পূরণে আন্তরিক নয় অভিযোগ করে অস্ত্রবিরতির সময় আর না বাড়ানোর ঘোষণা দিয়েছিল জঙ্গি গোষ্ঠীটি।
সেই অনড় অবস্থার পরিবর্তন ঘটিয়ে অবশেষে জঙ্গি গোষ্ঠীটি অস্ত্রবিরতির সময় বাড়াল।
৮০০ বন্দির মুক্তি এবং আফগান সীমান্তবর্তী আধা স্বায়ত্তশাসিত উপজাতি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে তালেবান।
সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, দুইপক্ষের মধ্যে একটা ভালো পরিবেশের সূচনা করতেই তাদের মুক্তি দেয়া হয়েছে। এর ফলে তালেবান সঠিক পথে আসবে বলে আশা করেন তিনি।
২০১৩ সালে পকিস্তানের ক্ষমতায় আসা নওয়াজ শরিফ নির্বাচনী প্রচারণায় তালেবানের সঙ্গে সমঝোতায় আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
