নিখোঁজ বিমান : পার্থে মালয়েশীয় প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার নিখোঁজ বিমান ফ্লাইট এমএইচ৩৭০’র অনুসন্ধান অভিযানের সমন্বয় কেন্দ্র অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পার্থে গিয়েছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
বৃহস্পতিবার পার্থে পৌঁছে তিনি নিকটবর্তী পিয়ার্সের আরএএএফ ঘাঁটিতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের সঙ্গে যোগ দেন।পিয়ার্সের এই ঘাঁটিটি থেকেই ২৩৯ জন আরোহীসহ নিখোঁজ মালয়েশীয় বিমানটির খোঁজে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।৮ মার্চ নিখোঁজ হওয়ার পর ব্যাপক আন্তর্জাতিক অনুসন্ধান তৎপরতার মধ্য দিয়ে প্রায় চার সপ্তাহ পেরিয়ে গেলেও নিখোঁজ বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি।সাতটি দেশের কয়েক ডজন তদন্ত দল সাগর ও আকাশ পথে বিমানটির খোঁজে তল্লাশি অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার এই অভিযান দলে নিউক্লিয়ার শক্তি চালিত একটি ডুবোজাহাজ যোগ দিয়েছে।আরএএএফ ঘাঁটিতে দুই নেতা তল্লাশি অভিযান ও এর ফলাফল সম্পর্কে আলোচনা করেছেন।এ প্রসঙ্গে নাজিব বলেন, “বিশ্ব চায়, আমরা আমাদের সামর্থ্যের সবটা দিয়েই যেন চেষ্টা করি। সব জাতি মিলে আমরা কী করতে পারি সেটা আমরা দেখাবো, এ বিশ্বাস আমার আছে। আমরা উত্তর চাই, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে চাই। যে পর্যন্ত উত্তর পাওয়া না যাবে আমরা থামবো না।”ঘটনার দিন মধ্যরাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের পথে রওয়ানা হয় বোয়িং কোম্পানির অত্যাধুনিক ৭৭৭ বিমানটি।কিন্তু রওয়ানা হওয়ার এক ঘন্টার মধ্যেই কুয়ালালামপুর বিমানবন্দরের বেসামরিক রেডারের সঙ্গে সংযোগ হারিয়ে যায় বিমানটির।মালয়েশিয়ার অপর প্রান্তের সামরিক রেডারে ধরা পড়ে বিমানটির অস্বাভাবিক যাত্রা। যা থেকে ধারণা করা গেছে, বেইজিংয়ের পথে দক্ষিণ চীন সাগরের আকাশে থাকার সময়ই বিমানের ভিতর থেকে বিমানচালনা সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ কেউ বিমানটিকে ঘুরিয়ে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে নিয়ে গেছে।ওই ব্যক্তি বা ব্যক্তিরাই সজ্ঞানে বিমানের যোগযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা। তারপরও অত্যাধুনিক বিমানের স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে পরবর্তী কয়েক ঘন্টা ধরে মহাশূন্যে স্থাপন করা উপগ্রহে ইলেকট্রনিক সিগন্যাল যায়।তাতে পরিষ্কার হয়েছে দক্ষিণ চীন সাগরে মোড় ঘুড়ে মালয় উপদ্বীপ পেরিয়ে বিমানটি ভারত মহাসাগরের ওপর দিয়ে জ্বালানি না ফুরানো পর্যন্ত উড়েছিল, আর তারপর হয়তো বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের উত্তাল জলরাশিতে চিরদিনের মতো হারিয়ে যায়।যে জায়গাটিতে বিমানটি পড়েছিল বলে ধারণা করা হচ্ছে তার সবচেয়ে কাছের ভূমি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল। এই উপকূলের প্রধান শহর পার্থ। এখান থেকেই সাগরে ভাসমান বিমানের ধ্বংসাবশেষ, কোনো সন্দেহজনক বস্তু বা জীবন রক্ষাকারী জ্যাকেট এবং ব্ল্যাক বক্সের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।তল্লাশি অভিযান সমন্বয়কারী অস্ট্রেলীয় কর্তৃপক্ষের প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অ্যানগুস হিউস্টন বলেছেন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন ও অস্ট্রেলিয়ার বিমান দুর্ঘটনার তদন্তকারীদের সঙ্গে বিশ্লেষকদের একটি আন্তর্জাতিক দল চূড়ান্ত তল্লাশি এলাকা নির্দিষ্ট করতে নিবিড়ভাবে কাজ করছে।নাজিব ও অ্যাবোটকে তিনি জানিয়েছেন, ধারাবাহিক তথ্যের ভিত্তিতে তল্লাশি এলাকা সমন্বয় করা হচ্ছে এবং বৃহস্পতিবার এটি আগের এলাকা থেকে কিছুটা উত্তর দিকে সরিয়ে নেয়া হয়েছে।এভাবে সামর্থ্যের সবটা দিয়ে আধুনিক বিমান চলাচল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনার কিনারা করতে পারবেন বলে মনে করছেন তারা।
