‘৫ দিনেই ইউক্রেইন দখলে সক্ষম পুতিন’
রাশিয়া ইউক্রেইন দখলের সক্ষমতা নিয়ে সীমান্ত এলাকায় সব ধরনের রণসজ্জা সম্পন্ন করেছে এবং চাইলে ৩ থেকে ৫ দিনেই তা হাসিল করতে পারে বলে সতর্ক করেছেন নেটোর শীর্ষ সামরিক কমান্ডার।
বুধবার রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের কাছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জেনারেল এবং ইউরোপে নেটো জোটের সুপ্রিম কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলভ ইউক্রেইনের পূর্ব সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে ‘চরম উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন।ইউক্রেইন থেকে ক্রিমিয়াকে পৃথক করা এবং রাশিয়ার সঙ্গে যোগ করা নিয়ে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।রাশিয়াকে কোণঠাসা করতে নিষেধাজ্ঞা আরো কঠোর করা হবে বলেও হুঁশিয়ার করেছে পশ্চিমা বিশ্ব।রাশিয়া সীমান্ত এলাকায় ৪০ হাজার সেনা সমাবেশ ঘটিয়েছে বলে নেটো আগে থেকেই সতর্ক করে আসছে। পুতিনের সেনাবাহিনীর এই উপস্থিতিকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেইনের জন্য বড় ধরনের হুমকি বলে হুঁশিয়ার করেছে নেটো।ব্রিডলভ বলেন, “এ এক বিশাল বাহিনী, খুবই দক্ষ ও সংগঠিত”।রুশ সেনারা সামরিক বিমান, হেলিকপ্টার, অস্থায়ী হাসপাতাল এবং যুদ্ধের অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে।ইউক্রেইনে আগ্রাসনের সিদ্ধান্ত হলে অভিযান সফল করতে এ পুরো বাহিনীই প্রয়োজন পড়বে বলে জানান ব্রিডলভ।তিনি বলেন, “আমরা মনে করছি সীমান্তে উপস্থিত সেনারা এখন প্রস্তুত। তারা নির্দেশ পেলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে লক্ষ্যে পৌঁছতে পারবে।”শীর্ষ এই নেটো কমান্ডারের ধারণা, পুতিন ইউক্রেইনের বিষয়টিতে একাধিক বিকল্প চিন্তা নিয়ে এগোচ্ছেন।তিনি বলেন, রুশ সেনারা ক্রিমিয়ায় যাতায়াত করতে একটি ল্যান্ড করিডোরের জন্য দক্ষিণ ইউক্রেইনে অভিযান চালাতে পারে। আবার দখলে নেয়া ক্রিমিয়াকে ইউক্রেইনের কৃষ্ণ সাগর অঞ্চলের ওডেসা বন্দর পর্যন্ত সম্প্রসারণ করতে পারে। এমন কি মলদোভার বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত ট্রান্স-ডনেইস্ট্রিয়া অঞ্চলও রুশ সেনারা দখলে নিতে পারে।এছাড়া, ইউক্রেইনের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও রুশ সেনা মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ করেন এই নেটো কমান্ডার। তারা নির্দেশ পাওয়া মাত্রই ইউক্রেইনের অভ্যন্তরে অভিযান শুরু করবে বলে ধারণা তার।রাশিয়ার এ ধরনের সামরিক তৎপরতা নেটোর জন্য হুমকি উল্লেখ করে ২৮টি সদস্য রাষ্ট্রকে ভবিষ্যতের নিরাপত্তার জন্য নতুন করে চিন্তা-ভাবনা করার কথা বলেন ব্রিডলভ।ব্রাসেলসে সদ্য সমাপ্ত নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার সঙ্গে সব ধরনের সহযোগিতা ও যোগাযোগ বাতিল করার সিদ্ধান্ত হয়েছে এরই মধ্যে।এছাড়া, পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ সামরিক জোটের শক্তি বাড়ানোর পক্ষেও কথা বলেন শীর্ষ ব্যক্তিরা।
