রাশিয়ার সঙ্গে সহযোগিতা স্থগিত করছে নেটো
ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার জেরে রাশিয়ার সঙ্গে সব বেসামরিক ও সামরিক সহযোগিতা স্থগিত করতে সম্মত হয়েছেন নেটো পররাষ্ট্রমন্ত্রীরা।
কড়া ভাষার এক বিবৃতিতে তারা রাশিয়ায় ক্রিমিয়ার এ ‘অবৈধ’ অন্তর্ভুক্তির নিন্দা জানান এবং ইউক্রেইনের ‘সংযমের’ প্রশংসা করেন।মস্কো সম্প্রতি ইউক্রেইন সীমান্তে হাজার হাজার সেনা সমাবেশ করে কিয়েভ এবং পশ্চিমা বিশ্বের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে।নেটোর শীর্ষ কর্মকর্তা বলেছেন, সেনা প্রত্যাহারের কোনো প্রমাণ নেই। নেটো সূত্রে বলা হচ্ছে, ইউক্রেইনের পূর্ব সীমান্তে মোতায়েন আছে ৩৫ হাজার থেকে ৪০ হাজার সেনা।
রাশিয়া সেখানে সামরিক মহড়া চালানোর কথা বললেও মহড়া খুব কমই হচ্ছে এবং সেনারা কেবল সেখানে উপস্থিত আছে আর আগ্রাসনের অপেক্ষায় রয়েছে বলেই উদ্বিগ্ন পশ্চিমা গোয়েন্দা বিশেষজ্ঞরা।সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়ার কথা জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলকে জানান।কিন্তু নেটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন সাংবাদিকদের বলেন, “রাশিয়া যে সেনা প্রত্যাহার করছে তা নিশ্চিত করতে পারছিনা বলে দুঃখিত। আমরা যা দেখছি তা হচ্ছে না।”রাশিয়ায় ক্রিমিয়ার অন্তর্ভুক্তির পর ২৮ টি সদস্যদেশের জোট নেটোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার প্রথম ব্রাসেলসে বৈঠক করেছেন।এ বৈঠকেই রাশিয়ার সঙ্গে সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত হয়। তবে রাষ্ট্রদূত এবং আরো উচ্চপর্যায়ে নেটো-রাশিয়া কাউন্সিলের সংলাপ প্রয়োজনমাফিক চলবে বলে জানান মন্ত্রীরা। যাতে বিশেষত ইউক্রেইন সঙ্কট নিয়ে মত বিনিময় চলতে পারে।তবে জুনে নেটোর আগামী বৈঠকে রাশিয়ার সঙ্গে এ জোটের সম্পর্কের বিষয়টি ভেবে দেখা হবে বলে জানান মন্ত্রীরা।
