সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দেড় লাখ
সিরিয়ায় তিন বছরের গৃহযুদ্ধে দেড় লাখ মানুষ মারা গেছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
তবে নিহতের প্রকৃত সংখ্যা দুই লাখ ২০ হাজারের বেশি হতে পারে বলেও মঙ্গলবার জানায় সংগঠনটি।সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরুর পর থেকে নিজস্বকর্মী, হাসপাতালসূত্র ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা।সিরিয়ায় সহিংসতা থামাতে জাতিসংঘের শান্তিদূত কয়েকবার প্রচেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। অচিরেই আলোচনা শুরু করা হবে বলে জানা যাচ্ছে।গত জুলাইয়ে জাতিসংঘ প্রতিবেদনে যুদ্ধে নিহতের সংখ্যা একলাখ বলে জানানো হয়েছিল। দেশটিতে হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ায় তা আর পর্যবেক্ষণ করা হচ্ছে না বলে গত জানুয়ারিতে জাতিসংঘের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়।অবজারভেটরি জানায়, সরকার ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরুর পর থেকে ১৮ মার্চ পর্যন্ত একলাখ ৫০ হাজার ৩৪৪ জন নিহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভেন্ট ও অন্যান্য বিদেশি যোদ্ধাদের মধ্যে ৩৮ হাজার জন মারা গেছে। আর আসাদের পক্ষে মারা গেছে ৫৮ হাজার সেনা ও বিভিন্ন মিলিশিয়ার সদস্য।এছাড়া, সিরিয়ার সেনাদের হাতে আটক হওয়ার পর ১৮ হাজার এবং বিদ্রোহীদের হাতে আটক আট হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে জানায় সিরিয়ান অবজারভেটরি।
