পূর্ব ইউরোপে শক্তি বাড়াতে চায় নেটো
ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে সঙ্কট শুরুর পর পূর্ব ইউরোপের আরো কয়েকটি দেশে সমর সজ্জা বাড়ানোর আলোচনা করছে পশ্চিমা সামরিক জোট নেটো।
মঙ্গলবার ব্রাসেলসে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ছবি: রয়টার্স। মঙ্গলবার ব্রাসেলসে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ছবি: রয়টার্স।
কূটনীতিকরা জানিয়েছেন, ক্রিমিয়া উপদ্বীপটি ইউক্রেইনের হাতছাড়া হওয়ার পর প্রথমবারের মতো ব্রাসেলসে বৈঠকে বসেছেন নেটোভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার ওই বৈঠকে নিরাপত্তার হুমকিতে থাকা পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সামরিক তৎপরতা বৃদ্ধি ও সেনা উপস্থিতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
নেটোর এমন উদ্যোগকে উস্কানিমূলক বলে মনে করেছে রাশিয়া। মূলত ক্রিমিয়ায় ও ইউক্রেইনের পূর্ব সীমান্তে মস্কোর সেনা বাড়ার কারণেই ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই সামরিক জোট।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা নেটো সদস্যভুক্ত দেশ না হওয়ায় ইউক্রেইন বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ার পক্ষে। তবে জোটভুক্ত পূর্ব ইউরোপের বাল্টিক দেশগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জোটের সদস্যদেশগুলো।
এদিকে বাল্টিক দেশ এস্তোনিয়া, লিথুনিয়া ও লাটভিয়ায় নেটোর নিয়মিত আকাশ মহড়ায় বিমান সংখ্যা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওই তিনটি দেশের নিরাপত্তা নিয়ে সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরো বিস্তারিত আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
গত সপ্তাহে হোয়াইট হাউসের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা বেন রোডস সাংবাদিকদেরকে জানিয়েছিলেন, “যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপের নেটো সদস্যভূক্ত দেশগুলোকে পদাতিক ও নৌবাহিনীর সেনা সংখ্যা বাড়াবে। ইউরোপের দেশগুলোও একাজে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে বলে আমরা আশা করছি।”
ইউরোপে স্নায়ুযুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের তিন লাখের বেশি সেনা সদস্য ছিলো। তবে ২০০৫ সালে তা কমে একলাখে নেমে আসে। বর্তমানে নেটোর হয়ে যুক্তরাষ্ট্রের মাত্র ৮০ হাজার সেনা রয়েছে ইউরোপের দেশগুলোতে।
অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ইউরোপের অধিকাংশ দেশই তাদের সামরিক ব্যয় কমিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতেও ব্যয় কমানো হয়েছে। তবে ইউরোপীয় দেশগুলোকে সামরিক ব্যায় আরো বাড়ানোর বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
