হিটলার বাহিনীর লুট করা শিল্পকর্ম ফেরৎ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর বছরে পোল্যান্ডের জাতীয় জাদুঘর থেকে হিটলারের নাজি বাহিনীর লুট করা একটি শিল্পকর্ম ফেরত দিয়েছে জার্মানি।
১৯৩৯ সালে জার্মানি পোল্যান্ড দখল করার অল্প সময় পরেই ভেনিসের চিত্রশিল্পী ফ্রান্সিসকো গুয়ার্দি’র আঁকা “প্রাসাদের সিঁড়ি” চিত্রকর্মটি জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছিল।ছোট এই চিত্রকর্মটিতে ভেনিসের ডজ প্রাসাদের সিঁড়িতে অভিজাত ব্যক্তিদের দাঁড়িয়ে কথা বলতে দেখানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইয়ার ওই চিত্রকর্মটি পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্ল সিকোর্স্কির কাছে হস্তান্তর করেন।এই চিত্রকর্ম ফেরৎ দিয়ে মোৎজার্ট ও বেটোফেন ও বাখের হাতে লেখা সংগীতের পাণ্ডুলিপিসহ পোল্যান্ডের হাতে থাকা জার্মানির ৩ লাখ বই, ড্রইং ও পাণ্ডুলিপি নিয়ে আলোচনা আবার শুরু হবে, এই মর্মে আশা করছে বার্লিন।যুদ্ধের সময় বোমা হামলার কবল থেকে বাঁচাতে এইসব পাণ্ডুলিপি পোল্যান্ডে নিয়ে রেখেছিল হিটলার সরকার।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর “প্রাসাদের সিঁড়ি” চিত্রকর্মটি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের হেফাজতে চলে যায়। পরে এটি বাদেন-বুটেমবার্গ রাজ্য চিত্রশালায় স্থান পায়।বিশ শতকের ৯০’র দশকে চিত্রকর্মটির পোলিশ মালিকানা স্বীকৃত হয়।
