২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন সীমান্তে কিছু সেনা কমাল রাশিয়া

ইউক্রেইনের পূর্ব সীমান্তে রোস্তোভ এলাকা থেকে এক ব্যাটেলিয়ন পদাতিক সেনা প্রত্যাহার করে নেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 10:51 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রাশিয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়ার।ফ্রান্স এবং পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেন, পরিস্থিতিতে উত্তেজনা কমে আসার এ এক ‘ছোট্ট ইঙ্গিত’।ইউক্রেইন সীমান্ত বরাবর এখনো মোতায়েন রয়েছে রাশিয়ার হাজার হাজার সেনা।জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকালে ইউক্রেইন সীমান্ত থেকে রাশিয়ার কিছু সেনা প্রত্যাহার হয়েছে জানিয়ে বলেন, “কেবলমাত্র আজকেই খবর পাওয়া গেল যে, ইউক্রেইনের পূর্ব সীমান্তে রাশিয়ার বিশাল সেনাবহর কিছুটা কমেছে”।বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সবচেয়ে খারাপ পরিস্থিতিটা কাটিয়ে ওঠা গেছে বলেই আশা করছি”।এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের প্রেস সার্ভিস জানায়, ‘ফিফটিনথ সেপারেট মটর রাইফেল ব্রিগেড ব্যাটেলিয়ন’ রোস্তোভ অঞ্চলের কাদামোভস্কি রেঞ্জে মাঠ পর্যায়ের মহড়া শেষ করেছে এবং সামারা এলাকার তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে।এরকম একটি মোটর-রাইফেল ব্যাটেলিয়নে সাধারণত ৫শ’ সেনা থাকে।ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা মেজর জেনারেল ওলেস্কান্দর রোজামাজনিন এরই মধ্যে বলেছেন, পূর্ব সীমান্তে রুশ সেনা সংখ্যা ১০ হাজারে নেমে এসেছে। তবে এ সেনা কমানোটা পরিকল্পনামাফিক প্রত্যাহার নয় বরং সেনাদের পালাবদলের প্রক্রিয়াও হতে পারে বলে উল্লেখ করেন তিনি।