২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেরি-ল্যাভরভ বৈঠক, সেনা প্রত্যাহারের আহ্বান

ইউক্রেইন সঙ্কট নিরসনের উপায় খুঁজতে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 05:59 PM

ইউক্রেইন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের ওপরই সঙ্কট নিরসনে অগ্রগতি নির্ভর করছে বলে মস্কোকে জানান কেরি।

প্যারিসে ল্যাভরভের সঙ্গে কয়েকঘণ্টা বৈঠকের পর রোববার এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, ইউক্রেইনের ভেতরে বাইরে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে দু’পক্ষই শলাপরামর্শ করেছে।

তিনি বলেন, “ইউক্রেইন সঙ্কট নিরসনে সত্যিকারের কোনো অগ্রগতি চাইলে দেশটির সীমান্তে মোতায়েন থাকা রাশিয়ার বিশাল বাহিনী প্রত্যাহার করার উদ্যোগ অবশ্যই নিতে হবে। ইউক্রেইনে রাশিয়ার এই সেনারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে বলেই আমরা মনে করি। আর এতে কোনোভাবেই সঙ্কটন নিরসনে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে না”।

রাশিয়ায় ক্রিমিয়ার অন্তর্ভুক্তি নিয়ে উত্তেজনা কমাতে বৈঠকে একটি চুক্তির রূপরেখা প্রণয়নেরও চেষ্টা নেন কেরি ও ল্যাভরভ। ক্রিমিয়া নিয়ে রাশিয়ার পদক্ষেপে পূর্ব ও পশ্চিম বিশ্বের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে।

কিন্তু এ সংঘাত কাটাতে প্যারিস বৈঠকে কোনো চুক্তিতে একমত হতে পারেনি দুপক্ষ। তারা কেবল আলোচনা চালিয়ে যেতে সম্মত হন এবং এ বিষয়টি সমাধানের জন্য ইউক্রেইন সরকারকেও এগিয়ে আসতে হবে বলে মত দেন কেরি ও ল্যাভরভ।

আলাদা এক নিউজ ব্রিফিংয়ে ল্যাভরভ বলেন, “রাশিয়া, যুক্তরাষ্ট্র কিংবা আর কেউই ইউক্রেইনের ওপর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা চাপিয়ে দিতে পারে না”।

ওদিকে, কেরিও সাংবাদিকদের বলেন, “ইউক্রেইনকে ছাড়া ইউক্রেইনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতে পারে না”। তিনি আরো বলেন, মস্কোর সঙ্গে কিয়েভের আলোচনার পরিবেশ সৃষ্টিতে ইউক্রেইনের ভূমিকা আছে বলে যুক্তরাষ্ট্র মনে করে।