নিখোঁজ বিমান: মালয়েশিয়ার কাছে ক্ষমা দাবি স্বজনদের
মালয়েশিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন নিখোঁজ বিমানের চীনা যাত্রীদের স্বজনরা।
কুয়ালা লামপুরে পৌঁছে সত্য জানানোর দাবিতে বিক্ষোভ করে তারা। নিখোঁজ বিমান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেয়ার অভিযোগ করে মালয়েশিয়াকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে স্বজনরা।চীনা ও ইংরেজি ভাষায় “আমরা প্রমাণ চাই, সত্য জানতে চাই”, “খুনীদের হস্তান্তর কর, আমাদের স্বজনদের ফেরত দাও” লেখা ব্যানার নিয়ে কুয়ালা লামপুরে একটি প্রেস কনফারেন্স করে তারা।স্বজনদের প্রতিনিধি হিসাবে জিয়াং হুই বলেন, মালয়েশিয়া বিমান বিপর্যয়ের ঘটনা যেভাবে সামাল দিয়েছে তাতে সরকারকে ক্ষমা চাইতে হবে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এর আগে জানান, বিমানটি ভারত মহাসাগরে বিলীন হয়েছে এবং আরোহীদের কেউ বেঁচে নেই।সরাসরি কোনো প্রমাণ ছাড়া এবং দায়িত্বজ্ঞানহীনভাবে এমন সিদ্ধান্ত টানা হয়েছে বলে অভিযোগ বিমানটির যাত্রীদের স্বজনদের।তিন সপ্তাহ আগে ২৩৯ জন আরোহীসহ ফ্লাইট এমএইচ৩৭০ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।শুক্রবার তল্লাশি অভিযান সমন্বয় করা অস্ট্রেলীয় কর্তৃপক্ষ তল্লাশির জন্য ভারত মহাসাগরের নতুন এলাকা চিহ্নিত করে। শনিবার আন্তর্জাতিক অনুসন্ধানী দলের প্রথম সদস্য হিসেবে চীনা জাহাজ দুটি ওই এলাকায় প্রবেশ করে।
