২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে সেনা পাঠানোর ইচ্ছা নেই রাশিয়ার

ইউক্রেইন সীমান্তে ধাপে ধাপে সেনা উপস্থিতি বাড়িয়ে পশ্চিমা বিশ্বকে উদ্বিগ্ন করলেও দেশটির অভ্যন্তরে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 09:06 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে শীতলযুদ্ধ পরবর্তী সময়ে শুরু হওয়া পূর্ব-পশ্চিমের অচলাবস্থা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

ল্যাভরভ একটি রুশ টেলিভিশনকে বলেন, “সত্যিকার অর্থে ইউক্রেইন সীমান্ত অতিক্রম করার মতো কোনো আগ্রহ কিংবা পরিকল্পনা আমাদের নেই।”

তবে ইউক্রেইনে রুশ ভাষাভাষীদের অধিকার রক্ষায় তার দেশ সব সময় প্রস্তুত আছে বলে আবারও জানিয়ে দেন ল্যাভরভ।

ইউক্রেইনের ক্ষমতা থেকে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ সরে যাওয়ার পর থেকে দেশটির পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী ও মস্কোপন্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে পুতিন প্রশাসন।

একই কারণে এক গণভোটের মাধ্যমে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পক্ষে রায় এনে ওই অঞ্চলের দখল নেয় রাশিয়া। তবে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ গণভোটের স্বীকৃতি দেয়নি।

ক্রিমিয়ার সেনাঘাঁটিগুলোতে রুশ সেনারা অবস্থান নেয়ার পর রাশিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, অর্থনীতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে পশ্চিমা দেশগুলো।

ইউক্রেইনে আরো সৈন্য পাঠালে সারা বিশ্ব থেকে রাশিয়াকে কোণঠাসা করাসহ মস্কোর অর্থনীতি গুটিয়ে দেয়া হবে বলেও হুমকি দিতে থাকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

তবে শুক্রবার ইউক্রেইন সঙ্কট নিরসনে কূটনীতিক আলোচনা শুরুর প্রস্তাব দিয়ে প্রেসিডেন্ট ওবামাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার মাধ্যমে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর দূরত্ব আবার কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে- ওবামা পুতিনকে ইউক্রেইনের অভ্যন্তরের দিকে আর না এগোতে এবং ওই অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে বলেছেন।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে বিশ্ব সম্প্রদায় সম্ভাব্য সমাধান নিয়ে কথা শুরু করতে পারে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সহসা আলোচনা শুরু হতে পারে বলেও মত দেন পুতিন।