পাকিস্তানে কথিত ‘ধর্মাবমাননা’র দায়ে মৃত্যুদণ্ড
কথিত ধর্মাবমাননার দায়ে খ্রিস্টান এক ব্যক্তিকে প্রাণদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
ওই ‘অবমাননা’র ফলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে এক সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়েছিল।
বৃহস্পতিবার এ রায় দেয়া হয় বলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনজীবী নাইম শাকিরের বরাত দিয়ে জানিয়েছে দ্য ডন।
২০১৩ সালের মার্চে লাহোরের যোসেফ কলোনি আবাসিক এলাকায় মুসিলম এক বন্ধুর সঙ্গে তর্কাতর্কির সময় দণ্ডপ্রাপ্ত সাওয়ান মাসিহ ইসলাম ধর্মের নবী মোহাম্মদের নামে কটুক্তি করেন।
এ খবর ছড়িয়ে পড়লে তিন হাজারেরও বেশি মুসলিম জড়ো হয়ে যোসেফ কলোনি তছনছ করে এবং খ্রিস্টান ধর্মানুসারীদের ১০০ বাড়ি আগুনে পুড়িয়ে দেয়।
নাইম বলেন, “সাওয়ানের প্রাণদণ্ড ঘোষণা করেছে আদালত। এ রায়ের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে আপিল করবো আমরা। সাওয়ান যে কারাগারে আটক আছেন তার ভিতরেই বিচার ও রায় ঘোষণা হয়েছে।”
২০০৮ সাল থেকে পাকিস্তানে প্রাণদণ্ড কার্যকর করা প্রায় বন্ধ হয়ে আছে। এই সময়ে কোর্ট মার্শালে কেবল এক সেনার ফাঁসি কার্যকর করা হয়েছে।
ধর্মাবমাননার (ব্লাসফেমি) দায়ে পাকিস্তানে কঠোর আইন চালু আছে। তবে এই আইনটি অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তিগত আক্রোশ ও সংখ্যালঘুদের সহায়-সম্পদ হস্তগত করতে ব্যবহার করা হয় বলে অভিযোগ করে আসছেন মানবাধিকার আন্দোলনের কর্মীরা।
আদালতে নিজেকে নির্দোষ দাবি করে সাওয়ানও বলেছেন, তার বন্ধু ও তারমধ্যে সম্পত্তি নিয়ে এক বিরোধের জের ধরেই তার বিরুদ্ধে এ অভিযোগ রটানো হয়েছে।
