২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো শতাধিক ‘ধ্বংসাবশেষের’ খোঁজে অভিযান

এমএইচ৩৭০ ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে বলে সিদ্ধান্ত নেয়ার পর নতুন করে কৃত্রিম উপগ্রহ ধরা পড়া শতাধিক ‘ধ্বংসাবশেষের’ খোঁজে তল্লাশি কাজ জোরদার করেছে বহুজাতিক অনুসন্ধানী দল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Mar 2014, 09:27 PM

Updated : 25 Apr 2022, 03:59 PM

বুধবার মালয়েশিয়ার ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী হিশামুদ্দিন হোসাইন বলেন, ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের কৃত্রিম ভূ-উপগ্রহ কেন্দ্রে ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১২২টি সম্ভাব্য বস্তুর ছবি ধরা পড়েছে, যা নিখোঁজ বিমানের অংশ বলেই তাদের জোর ধারণা।

“অস্ট্রেলিয়া, চীন ও ফ্রান্সসহ চারটি ভূ-উপগ্রহ কেন্দ্রের তথ্য আমাদের হাতে। নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের ছবি হাতে পাওয়ার ব্যাপারটি ঘটনার গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

বিমানটি নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর গত ২৩ মার্চ ফ্রান্সের উপগ্রহে যে বস্তুগুলো ধরা পড়েছে, সেগুলোর সবচেয়ে বড়টির দৈর্ঘ্য ৭৫ ফুট।

গত ৮ মার্চ কুয়ালা লামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মাঝ আকাশে ২৩৯ আরোহীসহ হারিয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি।

প্রায় ১৮ দিন ধরে ভারত মহাসাগরের বিস্তৃর্ণ এলাকায় খোঁজাখুঁজি করেও এর কোনো হদিস মেলেনি। ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় বিমানের কয়েকটি ধ্বংসাবশেষের চিহ্ন মিললেও খারাপ আহ্বাওয়ার কারণে এর কাছে যাওয়া যায়নি।

একদিন আগে সংবাদ সম্মেলন করে বিমানটি ভারত মহাসগরে বিলীন হওয়ার চূড়ান্ত খবর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

এরপরই ফ্রান্সভিত্তিক সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সোমবার দক্ষিণ ভারত মহাসাগরের চারশ’ কিলোমিটার এলাকায় ওই বিমানের ১২২টি সম্ভাব্য ধ্বংসাবশেষের খবর দিল।

আবার অভিযান

এদিকে খারাপ আবহাওয়া কেটে যাওয়ার পর যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার ডজনখানেক বিমান অস্ট্রেলিয়ার পার্থ শহরে থেকে আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলিয় এলাকায় ধ্বংসাবশেষের খোঁজে অভিযানে বেরিয়েছে।

এযাবতকাল সন্ধান মেলা বিমানের সম্ভাব্য সব ধ্বংসাবশেষের ছবিই ওই অঞ্চলে ভাসতে দেখা গেছে বলে গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

বিমান ধ্বংস হয়ে যাওয়ার ওই অঞ্চলটিতে আগেও বেশ কিছু অভিযান চালানো হয়েছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে অভিযানে ছেদ ঘটে।

বুধবার নতুন করে যে অভিযান শুরু হয়েছে তা অব্যাহত রাখা যাবে কি না, তা নিশ্চিত নয়। ওই অঞ্চলের বাতাসের তীব্রতা যেমন বেশি তেমনি সাগরও উত্তাল। তবে বুধবার আবহাওয়া পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নেইল বেনেট রয়টার্সকে বলেন, এটা কার্যত একটা সংক্ষিপ্ত সময়ের সুযোগ। কারণ বৃহস্পতিবার আবারও তীব্র বাতাস ও বৃষ্টির কারণে দৃষ্টিসীমা কমে আসার পরিস্থিতি সৃষ্টি হবে।

এদিকে নিখোঁজ বিমানের তল্লাশিকাজে মানববিহীন সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের একটি জাহাজে উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘ব্ল্যাকবক্স’ তল্লাশি যন্ত্র বসিয়ে সাগরে তল্লাশি চালানো হবে বলেও জানা যাচ্ছে।

‘ব্ল্যাকবক্স’ নামে পরিচিত যন্ত্রটি বিমানের ককপিটের সব শব্দ রেকর্ড করে থাকে। দুর্ঘটনার শিকার বিমানের অভ্যন্তরের বিভিন্ন পরিস্থিতি জানাতে সাহায্য করে যন্ত্রটি।