ব্রাদারহুড নেতাসহ ৬৮২ জনের বিচার করছে মিশর
মিশরে গণবিচার করে প্রায় সাড়ে পাঁচশ’ ব্রাদারহুড নেতাকর্মীকে প্রাণদণ্ড দেয়ার দুই দিনের মাথায় দলটির সুপ্রিম গাইড মোহাম্মদ বদিসহ ৬৮২ কর্মীর বিচার শুরু করেছে আদালত।
মঙ্গলবার হত্যাসহ অন্যান্য অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ।নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড মিশরের ইসলামপন্থি রাজনৈতিক দল। গত জুলাইয়ে ব্যাপক জনরোষের মুখে সেনাবাহিনী ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর রাজপথে সহিংস বিক্ষোভ করতে থাকে দলটির নেতাকর্মীরা।মিশরের একটি আদালতে ইতোমধ্যেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে বিদেশি শক্তির সঙ্গে আঁতাত, দেশবিরোধী চক্রান্তসহ গুরুতর অভিযোগের মুখোমুখি করা হয়েছে।মিনইয়া প্রদেশের যে আদালতে আগের ৫২৯ জনের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছিল সেই একই আদালত বদিসহ বাকিদের বিচার করছে।জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বলা হয়েছে, একসঙ্গে এত মানুষকে প্রাণদণ্ড দেয়া আন্তর্জাতিক আইন বিরোধী। তাছাড়া, মঙ্গলবার শুরু হওয়া নতুন বিচারের নিয়েও উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার কার্যালয়।ওদিকে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও বিচারপ্রক্রিয়ার সমালোচনা করেছে।আসামিপক্ষের আইনজীবী আব্দেল আলি বলেন, “আমরা আদালতে হাজির হইনি......কারণ বিচারক ফৌজদারী দণ্ডবিধি ভঙ্গ করেছেন। তিনি আমাদেরকে যুক্তি উপস্থাপনের সুযোগ দেননি।”অভিযুক্তদের ৭৭ জন পুলিশি হেফাজতে আছে, বাকিরা হয় জামিনে নাহয় পলাতক রয়েছেন বলে জানান এই আইনজীবী।বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ‘মামলাটি অত্যন্ত স্পর্শকাতর’ দাবি করে এ নিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি সরকারি কর্মকর্তারা।বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে মিশরের জনগণকে রাজপথে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির একটি ইসলামি জোট। ব্রাদারহুডও এই জোটের সঙ্গে রয়েছে।বিচারের কারণে মিশরে নতুন করে অস্থিতিশীলতা দেখা দেবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
