রুশ আগ্রাসনের হুমকিতে মলদোভা: নেটো
ইউরোপে নেটোর সামরিক কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলভ ইউক্রেইনের পূর্ব সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ক্রিমিয়ার পর এবার মস্কোর নজরে রয়েছে আরেক সাবেক সোভিয়েত রিপাবলিক মলদোভা।
নেটো বিশেষত মলদোভার বিচ্ছিন্নতাবাদী ট্রান্স-ডনেইস্ট্রিয়া অঞ্চলে রুশ আগ্রাসনের হুমকি নিয়ে উদ্বিগ্ন বলে জানান ব্রিডলভ।রুশ সেনারা ক্রিমিয়ায় ইউক্রেইনের সর্বশেষ সেনাঘাঁটি ‘বেলবেক’ দখলের একদিন পর রোববার এ সতর্কবার্তা দিলেন নেটোর এই সুপ্রিম কমান্ডার।তবে ইউক্রেইনের পূর্ব সীমান্তে সেনা সমাবেশ আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই দাবি করেছে রাশিয়া। তাছাড়া, ইউরোপীয় ইউনিয়নে মস্কোর রাষ্ট্রদূত ভ্লাদিমির শিজোভ বলেছেন, কোনো ‘সম্প্রসারণবাদী’ পদক্ষেপের পরিকল্পনা রাশিয়ার নেই।ওদিকে, ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান আন্দ্রি পারুবি রোববার কিয়েভে এক বিশাল জনসমাবেশে বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য কেবল ক্রিমিয়া নয় বরং গোটা ইউক্রেইন.... সীমান্তে ছেয়ে গেছে তার সেনারা। যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত হয়ে আছে তারা”।শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্তির চূড়ান্ত আইন সইয়ের পর রুশ সেনারা স্বয়ংক্রিয় অস্ত্র, সাঁজোয়া যান ও অন্যান্য মরণাস্ত্র নিয়ে বেলবেক বিমানঘাঁটি আক্রমণ করে। তারা বুলডোজার দিয়ে ঘাঁটির একটি দেয়াল ধসিয়ে দেয়। ইউক্রেইন সেনাদের হটিয়ে ঘাঁটির দখল নেয় তারা।গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান জার্মান মার্শাল ফান্ডের এক অনুষ্ঠানে নেটো কমান্ডার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “ইউক্রেইন সীমান্তের পূর্বাঞ্চলে এখন বিশাল (রুশ) বাহিনীর সমাবেশ ঘটেছে এবং তারা হামলা চালানোর জন্য অনেকটাই প্রস্তুত হয়ে আছে”।ইউক্রেইন সেনার চাইতে রুশ সেনারা সংখ্যায় অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।। এ ব্যাপক সেনা সমাগমের কারণে নেটো এখন ট্রান্স-ডনেইস্ট্রিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানান ব্রিডলভ।মলদোভার কেন্দ্রীয় শাসন বিরোধীরা ১৯৯০ সালে ওই অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করলেও জাতিসংঘের সদস্য দেশগুলো একে স্বীকৃতি দেয়নি। ফলে এ অঞ্চলটি প্রিডনেস্ট্রোভিয়ান মলদোভিয়ান রিপাবলিক (পিএমআর) হিসাবেই শাসিত হয়ে আসছে।ট্রান্স-ডনেইস্ট্রিয়ার পাঁচলাখ জনগোষ্ঠীর মধ্যে অন্তত ৩০ শতাংশ মানুষ রাশিয়ান। তাদের অনেকেই এখনো মাতৃভাষা হিসেবে রুশভাষা গ্রহণ করছে।এ অঞ্চলে আছে রাশিয়ার ৪৪০ জন শান্তিরক্ষীসহ সোভিয়েত আমলের অস্ত্রের গুদাম পাহারা দেয়ার জন্য আরো বেশ কিছু সেনা।১০ দিন আগে রাশিয়া ইউক্রেইনের পূর্ব সীমান্তের কাছে সাড়ে আট হাজার সেনা ও গোলাবারুদ পাঠিয়ে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে।ব্রিডলভ বলেন, “ট্রান্স-ডনেইসস্ট্রিয়ায় আগ্রাসন চালানোর মতো পর্যাপ্ত সেনা সীমান্ত এলাকায় মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেইনের পূর্ব সীমান্ত ঘেঁষেই এলাকাটির অবস্থান। মস্কো এমন সিদ্ধান্ত নিলে তা হবে খুবই উদ্বেগের।”মলদোভার প্রেসিডেন্ট বুধবার ওই অঞ্চলে রুশ সেনাদের কোনো ধরনের অগ্রযাত্রার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। ইউক্রেইনের ক্রিমিয়াকে যেভাবে দখল করা হয়েছে একই পদ্ধতিতে ট্রান্স-ডনেইস্ট্রিয়াও দখল করা হতে পারে বলে সতর্ক করেন তিনি।ক্রিমিয়া দখল করায় রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অবরোধ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। রুশ নেতাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দকরাসহ বিভিন্নভাবে কোণঠাসা করার কৌশল নিয়েছে তারা।তবে পরিস্থিতির ধাক্কা সামলাতে চীন, জাপানসহ এশিয়ার সম্বৃদ্ধ দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে মস্কো। একই সঙ্গে ক্রিমিয়ায় সেনা সমাবেশ ঘটিয়ে সেখানে অবস্থান সুসংহত করছে পশ্চিমা বিরোধী এই শক্তি।
