২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়ায় ইউক্রেইনের ঘাঁটিগুলো রুশ বাহিনীর দখলে

শনিবার তেমন কোনো রক্তপাত ছাড়াই অবশিষ্ট একটি বিমান ও একটি নৌ-ঘাঁটি দখল করে নেয় রুশ বাহিনী। ক্রিমিয়া সঙ্কটের শুরুতেই বেলবেক নামের এই বিমানঘাঁটির বিমানক্ষেত্র ও যুদ্ধবিমানগুলো জব্দ করেছিল রুশ বাহিনী।

নিউজ ডেস্ক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 11:45 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

বিমানঘাঁটিটির বাকি অংশ দখলে নেয়ার সময় রুশ বাহিনী সাঁজোয়া যান, স্টান গ্রেনেড ব্যবহার করে ও স্বয়ংক্রিয় অস্ত্র থেকে ফাঁকা গুলি ছোড়ে। ঘাঁটির এ অংশে সেনা ব্যারাক, অস্ত্র গুদাম ও নিয়ন্ত্রণ দপ্তরের অবস্থান।বেলবেক ঘাঁটির মূল এই অংশটির দখল অভিযানের শুরুতে সাঁজোয়া যানগুলো ঘাঁটির একপাশের দেয়াল গুড়িয়ে দেয়। এরপর এগিয়ে যাওয়ার সময় স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয় ও আকাশে ফাঁকা গুলি ছোড়া হয়।এভাবে তেমন কোনো রক্তপাত ছাড়াই অবশিষ্ট ইউক্রেনীয় ঘাঁটিগুলো ও সেই সঙ্গে পুরো ক্রিমিয়া রুশ দখলে চলে এলো।বেলবেক ঘাঁটির ইউক্রেনীয় কমান্ডার কর্নেল ইউলি মামচুর জানিয়েছেন, রুশ বাহিনীর অভিযানের সময় ঘাঁটির ইউক্রেনীয় এক কর্মী আঘাত পেয়েছেন।রুশ বাহিনী তাকে (মামচুর) জিজ্ঞাসাবাদ করার জন্য অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।এছাড়া ঘাঁটির ইউক্রেনীয় সেনারা তাদের অস্ত্র অস্ত্রগারে তুলে রাখছে বলেও জানিয়েছেন তিনি।এর আগে রুশপন্থী আন্দোলনকারীরা ইউক্রেনীয় নৌ-ঘাঁটি নভোফেদোরোভকা’র ওপর চড়াও হলে সেটি ছেড়ে যায় উইক্রেনীয় সেনারা। এ সময় ইউক্রেনীয় নৌবহরের পতাকাবাহী যুদ্ধজাহাজ (ফ্ল্যাগশিপ) রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।ইউক্রেন সামরিক বাহিনীর মুখপাত্র ভ্লাদিস্লভ স্লেলেজনিয়ভ তার ফেইসবুক পোস্টেও একই কথা জানিয়েছেন।তিনি জানান, নভোফেদোরোভকা ঘাঁটির জেটিতে নোঙর করে থাকা ফ্ল্যাগশিপ স্লাভুশিচকে বন্দর ছাড়তে দেয়নি রুশ টাগবোটগুলো, পরে রুশ বাহিনী জাহাজটি জব্দ করে।শুক্রবার ইউক্রেনের একমাত্র ডুবোজাহাজ জ্যাপোরিঝিয়া দখল করে নিয়েছিল রুশ বাহিনী।ক্রিমিয়ায় ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো রুশ বাহিনীর দখল করে নেয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তেমন রক্তপাতের ঘটনা না ঘটলেও একজন ইউক্রেনীয় কর্মী নিহত ও অপর দুজন আহত হয়েছেন।রুশ বাহিনী ক্রিমিয়ার দখল নেয়ার পর বেলবেক ও নভোফেদোরোভকা ঘাঁটি দুটিই শুধু ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ার ঘাঁটিগুলোর অধিকাংশই রুশ বাহিনীর দখলে এবং সেখানে রুশ পতাকা উড়লেও দাপ্তরিকভাবে এখনও সেগুলো ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে।