তুরস্কে টুইটার বন্ধ, এরদোয়ান-গুল মুখোমুখি
তুরস্কে স্থানীয় নির্বাচনের আগমুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বন্ধ করে দিয়েছে দেশটির একটি আদালত।
শুক্রবার সানফ্রান্সিসকো ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে আদেশটি আসে, যার পক্ষে সরব তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। তবে দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর এ ধরনের নিয়ন্ত্রণ আরোপের সম্পূর্ণ বিরোধী।সরকারের একাধিক মন্ত্রীর দুর্নীতির অভিযোগে মামলা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের ইসলামপন্থি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। নিজের ছেলের সঙ্গে অর্থ স্থানান্তর নিয়ে এরদোয়ানের কথিত ফোনালাপও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।তবে এসব প্রচারণাকে সরকারের বিরুদ্ধে দেশের ভেতর-বাইরের চক্রান্ত বলে দাবি করেন এরদোয়ান। বিভিন্ন সভা-সমাবেশে ইন্টারনেট যোগাযোগ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণের পক্ষে কথা বলতে থাকেন তিনি।
দেশের ভেতর ও বাইরের বিভিন্ন মহল থেকে সরকারের এ ধরনের ‘ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী’ পদক্ষেপের সমালোচনা আসতে থাকে।
আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় তুরস্কের স্থানীয় নির্বাচন উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক সমাবেশে এরদোয়ান টুইটার বন্ধ করে দেয়ার হুমকি দেন। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভাবল তা তিনি বিবেচনায় নেবেন না বলেও উষ্মা প্রকাশ করেন। তার এ বক্তব্যের পরই শুক্রবার আদালত ওই সিদ্ধান্ত জানায়।তবে সরকারের এ পদক্ষেপের ঘোর বিরোধিতা করছেন তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল। ঢালাওভাবে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।তুরস্কে দীর্ঘ ১১ বছর ধরে ক্ষমতায় আছেন ইসলামপন্থি দল একে পার্টির নেতা রেসেপ তায়েপ এরদোয়ান। দলের অন্যতম প্রতিষ্ঠাতা গুল রয়েছেন প্রেসিডেন্ট হিসেবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে ক্ষমতাসীন দলের শীর্ষ দুই নেতার বিরোধ এখন স্পষ্ট।প্রেসিডেন্ট গুল এইদিন বলেন, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া অগ্রহণযোগ্য। এক টুইটার বার্তায় তিনি আচিরেই এই পদক্ষেপ তুলে নেয়া হবে বলে আশা প্রকাশ করেন।
এক টুইটার বার্তায় তিনি লিখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া কেউ মেনে নিতে পারে না। কারো টুইটার বার্তায় ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন হলে আদালতের আদেশে কেবল সংশ্লিষ্ট ব্যক্তির টুইটার সাইটের ওপর পদক্ষেপ নেয়া যেতে পারে।তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) আদালতের এ আদেশ চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে এরদোয়ানের বিরুদ্ধেও ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।তুরস্কে ক্ষমতাসীন একে পার্টি ইতোমধ্যেই ইন্টারনেটের ওপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছে। সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হওয়ার পর দেশটিতে হাজারখানেক পুলিশ, বিচারবিভাগের কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।ওদিকে, সরকারি নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠানটি পক্ষ থেকে বলা হয়, তারা বিষয়টি লক্ষ্য করেছে তবে এখনো কোনো আনানুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
