ভিখারিণীর মিলিয়ন ডলারের সম্পদ!
সৌদি আরবের শত বছর বয়সী এক অন্ধ ভিখারিণী মারা যাওয়ার পর তার গোপন ভান্ডারে বিশাল আর্থিক সম্পদের সন্ধান পাওয়া গেছে।
সেই সম্পদের মধ্যে সোনার কয়েন, গয়না ও বাড়ির দলিলও রয়েছে।খুঁজে পাওয়া সম্পদের আনুমানিক মূল্য ১০ লাখ ৬৬ হাজার ৫৮০ মার্কিন ডলার।সৌদি গেজেটের বরাত দিয়ে শুক্রবার এ খবর জানিয়েছে এনডিটিভি।পঞ্চাশ বছর জেদ্দার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কাটানো এ নারীর নাম আইশা বলে জানা গেছে। আকস্মিক তার মৃত্যু হওয়ার পর এ বিশাল সম্পদের খোঁজ পাওয়া যায়।মারা যাওয়ার পর জানা যায়, জেদ্দা শহরের আল বালাদ এলাকার চারটি ভবনের মালিক ছিলেন তিনি। সৌদি মুদ্রায় এসব ভবনের মোট মূল্য ৩০ লাখ রিয়াল (৭ লাখ ৯৯ হাজার ৯৩৫ ডলার)।এছাড়াও তার কাছে ১০ লাখ রিয়াল (২ লাখ ৬৬ হাজার ৬৪৫ ডলার) মূল্যের সোনার গয়না ও সোনার কয়েন ছিল।আইশার কাছে বেড়ে ওঠা আহমেদ আল সায়েদি নামের এক ব্যক্তি জানিয়েছেন, আইশার মা ও বোনও ভিখারি ছিল। তারা ছাড়া আইশার আর কোনো আত্মীয়স্বজন ছিল না।আইশা তার করা উইল তার কাছে দিয়ে গেছেন বলে দাবি করেছেন সায়েদি। উইলে আইশা তার সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেয়ার কথা বলে গেছেন বলে জানিয়েছেন তিনি।বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।মা ও বোন মারা যাওয়ার পর তাদের সম্পদ যোগ হওয়ার পর আইশার সম্পদ আরো বেড়ে যায় বলে জানিয়েছেন সায়েদি।তিনি বলেন, আইশা কোটিপতি এটি জানার পর আইশাকে ভিক্ষা করা ছেড়ে দিতে বলেন তিনি। কিন্তু ভিক্ষা করা ছেড়ে দিতে অস্বীকার করে আইশা বলেছিলেন, তিনি কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।আইশার বাড়িগুলোতে বসবাস করা বেশ কয়েকটি পরিবার জানিয়েছে, তাদের কাছে কখনো বাড়ি ভাড়া চাননি বাড়ির মালিক ভিখারি আইশা।
