ফেব্রুয়ারির নির্বাচন বাতিল ঘোষণা থাই আদালতের
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত থাইল্যান্ডের জাতীয় নির্বাচনকে বাতিল বলে রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।
সরকারবিরোধীদের বাধার মুখে যথাযথভাবে নির্বাচন হতে না পারায় সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে।শুক্রবার দেয়া এই রায়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সারাদেশে একযোগে হতে না পারায় সংবিধান লঙ্ঘিত হয়েছে।আদালতের এই রায়ের ফলে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের পদত্যাগের দাবিতে কয়েক মাসের আন্দোলন চলার পর নতুন সরকার গঠনের ক্ষণ আরো পিছিয়ে গেল।ওই নির্বাচনের সময় দেশটির দক্ষিণাঞ্চলের ২৮টি জেলার প্রার্থীরা সরকারবিরোধীদের বাধার মুখে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এতে ওইসব জেলাগুলোতে নির্বাচন না হওয়ায় সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে রুলে জানিয়েছে আদালত।আদালত থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “২ ফেব্রুয়ারির নির্বাচন রাজ্যজুড়ে একযোগে অনুষ্ঠিত হয়নি।”এরপর আবার কবে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়টি পরিষ্কার নয়।দেশটির নির্বাচন কমিশনের সদস্য সোমচাই শ্রিসুথ্যিয়াকর্ন বলেছেন, নতুন নির্বাচন অনুষ্ঠানে দেশের সামনে দুটি বিকল্প আছে।তিনি বলেন, “নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে রাজকীয় একটি ফরমান জারির জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে পারি অথবা কখন নির্বাচন অনুষ্ঠিত হলে সবচেয়ে ভালো হয় তা ঠিক করতে আমরা সব রাজনৈতিক দলের প্রধানদের জিজ্ঞেস করতে পারি।”তবে নতুন নির্বাচনের প্রস্তুতি নেয়া হলে আবার বাধা দেয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীরা।
