২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বইয়ে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ৪

ভারতের মুম্বাইয়ে গত বছর এক ফটো সাংবাদিক ধর্ষণের ঘটনায় আদালত ৪ জনকে দোষী সাব্যস্ত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 06:45 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বিবিসি বলেছে, ধর্ষণ ছাড়াও, অস্বাভাবিক যৌনকর্ম এবং আলামত নষ্ট করার অপরাধেও এদেরকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হবে।গত বছর ২২ অগাস্ট মুম্বইয়ের পরিত্যক্ত শক্তি মিলস চত্বরে ২২ বছরের এক ফটোসাংবাদিক ধর্ষিত হন। একটি সাময়িকীর হয়ে ছবি তোলার জন্য এক পুরুষ সহকর্মীর সঙ্গে ওই সাংবাদিক সেখানে গিয়েছিলেন। সহকর্মীকে বেঁধে রেখে তাকে ধর্ষণ করে দুষ্কৃতকারীরা।এ ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়ে সমাজের সর্বস্তরের মানুষ। ধিক্কার-প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতেও।একই শক্তি মিলস চত্বরে গত বছরের ৩১ জুলাই ১৮ বছর বয়সী আরেক টেলিফোন অপারেটরও ধর্ষণের শিকার হয়। এ ঘটনাতেও একইসঙ্গে আরেকজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।এ নিয়ে দু’টি পৃথক ঘটনায় দুই নারীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার পাঁচ জন দোষী সাব্যস্ত হল মুম্বইয়ের দায়রা আদালতে। দোষীদের মধ্যে তিন জন দুই ঘটনাতেই জড়িত ছিল।দুটি ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে দু’জন ছিল নাবালক। জুভেনাইল জাস্টিস বোর্ডে ওই দুই নাবালকের আলাদা ভাবে বিচার হয়েছে।দুই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজয় যাদব (১৯), মহম্মদ কাসিম হাফিজ শেখ (২১) এবং মহম্মদ আনসারিকে (২৮) দোষী সাব্যস্ত করেছে আদালত।এছাড়াও ফটোসাংবাদিককে ধর্ষণের অভিযোগে সিরাজ খান এবং টেলিফোন অপারেটরকে ধর্ষণের ঘটনায় মহাম্মদ আশফাক শেখ দোষী সাব্যস্ত হয়েছে।