ইউক্রেইনের নৌ ঘাঁটি রুশপন্থিদের দখলে
ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেইনের নৌ ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে রুশপন্থিরা।ঘাঁটিতে উড়তে দেখা গেছে রাশিয়ার পতাকা।
ইউক্রেইনের বহু সামরিক কর্মকর্তা ঘাঁটি ছেড়ে চলে গেছেন। ইউক্রেইনের নৌ বাহিনী প্রধান শেরহি হায়দুককে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার চুক্তি সইয়ের একদিন পর এ ঘটনা ঘটল।ক্রিমিয়ায় রোববারের বিতর্কিত গণভোটে ইউক্রেইন থেকে বেরিয়ে যাওয়ার রায় দিয়েছে জনগণ। এ গণভোট ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেইন সরকার এ গণভোটকে অবৈধ আখ্যা দিয়েছে। ভোটের ফলকে স্বীকৃতিও দেয়া হবে না বলে জানিয়েছে তারা।তবে রাশিয়ার সাংবিধানিক আদালত ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করে নেয়ার চুক্তি অনুমোদন করেছে।সেভাস্তোপোল ঘাঁটির এক কর্মকর্তা বিবিসি কে বলেন, রাশিয়াপন্থি প্রায় ২শ’ কর্মী একটি অ্যাম্বুলেন্স কার দিয়ে নৌ ঘাঁটির প্রবেশপথ ভেঙে ভেতরে ঢুকে পড়ে।ঘটনাস্থলে ইউক্রেইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনাও করেছে। ইউক্রেইনের নৌ বাহিনী প্রধানকে আটক করে ঘাঁটি থেকে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসে(এফএসবি) নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।ঘাঁটি ছেড়ে গেছে বেশ কিছু সংখ্যক ইউক্রেইন সামরিক কর্মকর্তা। তবে ইউক্রেইনের নৌ মুখপাত্র জানান, রুশপন্থিরা ঘাঁটিতে প্রবেশের সময় কোনো সহিংসতা হয়নি বা কেউ গুলি চালায়নি।মুখপাত্র আরো জানান, নৌ বাহিনীর পক্ষ থেকে কোনো গুলি চালানো হয়নি এবং কর্মকর্তারা ভবনের ভেতরে নিজেদের আড়াল করে রেখেছিলেন।“কিয়েভ কর্তৃপক্ষ আত্মরক্ষার্থে ক্রিমিয়ায় শক্তি ব্যবহারের কর্তৃত্ব দিলেও আমরা তা করছি না এবং করবও না,” বলেন তিনি।
