২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমান নিয়ে ক্ষোভ, অনশন ধর্মঘটের হুমকি

মালয়েশিয়া কর্তৃপক্ষ নিখোঁজ বিমানের আরো সঠিক তথ্য দিতে না পারলে অনশন ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে বিমানটির চীনা যাত্রীদের আত্মীয়-স্বজনরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বেইজিংয়ে এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তারা মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করে।মালয়েশিয়ার কর্মকর্তারা বলছেন, তারা অনুসন্ধান এলাকার ব্যাপ্তি কমিয়ে আনার চেষ্টা করছেন।উত্তরে কাস্পিয়ান সাগরের তীর থেকে দক্ষিণ ভারত মহাসাগর পর্যন্ত বিশাল এলাকাজুড়ে বিমানটির খোঁজ চলছে। নিখোঁজ বিমানের খোঁজে এত বড় এলাকা নিয়ে এত বড় অভিযান নজিরবিহীন।৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে মালয়শীয় এয়ারলাইনের ফ্লাইট এমএইচ৩৭০ বিমানটির আর কোনো খবর পাওয়া যায়নি। ২৫ টি দেশ অনুসন্ধানকাজে যোগ দিয়েছে।বিমানটিতে ছিল মোট ১৫৩ জন চীনা নাগরিক। বিমান অনুসন্ধানকাজে ধীরগতির সমালোচনা করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।মালয়েশিয়া কর্তৃপক্ষ বিমানটির তথ্য ঠিকমত জানাচ্ছে না- এমনটিই মনে করছেন বলে জানিয়েছেন চীনা যাত্রীদের আত্মীয়-স্বজনরা। তারা তথ্য সম্প্রচারে আরো স্বচ্ছতা দাবি করেন।মালয়েশিয়া এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবারের বৈঠকের পর চীনা পরিবারগুলো অনশন ধর্মঘট আয়োজনের জন্য ভোট দিয়েছে।এক নারীর উক্তি, “আমরা সত্যটাই চাই। যাত্রীদেরকে রাজনৈতিক লড়াইয়ের শিকার হতে দেব না।”মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জউহারি ইয়াহিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, এয়ারলাইন নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের জন্য যথাসম্ভব সবকিছু করার চেষ্টা করছে।এরই মধ্যে বিমানটির পাইলটের সঙ্গে মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের যোগসাজশ থাকার জল্পনা-কল্পনার মুখে দেশটির পরিবহনমন্ত্রী হিসামুদ্দিন হুসেইন বলেন, রাজনীতির তুলনায় বিমানটির অনুসন্ধান অভিযানটাকেই বড় করে দেখা হচ্ছে।বিমানের ক্যাপ্টেন জাহারিয়ে শাহ কারন্তরীন আনোয়ার ইব্রাহিমের সমর্থক ছিলেন বলে শোনা যাচ্ছে।মালয়শীয় কর্তৃপক্ষের বিশ্বাস, থাইল্যান্ড উপসাগরের আকাশে থাকার সময় বিমানটির কেউ একজন এর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল।বিমান নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো সূত্র পাওয়া যায় কিনা, সেই লক্ষ্যে বিমানটির পাইলট, ফ্লাইট ও গ্রাউন্ডকর্মীদের বিষয়ে তদন্ত শুরু করেছে মালয়শীয় পুলিশ। এই তদন্তকে অপরাধ তদন্ত হিসেবে বিবেচনা করছে তারা।