সোমালিয়ায় আবাসিক হোটেলে হামলা, বহু হতাহতের আশঙ্কা
সোমালিয়ার মধ্যাঞ্চলীয় বুলোবার্দে টাউনের এক আবাসিক হোটেলে গাড়িবোমা হামলা চালিয়েছে দেশটির ইসলামি জঙ্গি গোষ্ঠি আল শাবাব। এতে ৩২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবী করেছে গোষ্ঠিটি।
সোমবার হামলাটি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও জঙ্গি গোষ্ঠিটি।আফ্রিকান ইউনিয়ন ও সোমালি সেনারা হোটেলটি ব্যবহার করে আসছিলেন।আল কায়েদার সঙ্গে সম্পর্কিত আল শাবাব জানিয়েছে, হামলায় অনেক মানুষ নিহত হয়েছে।মঙ্গলবার আল শাবাবের সামরিক অভিযান সম্পর্কিত মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, “প্রথম একটি গাড়িবোমা নিয়ে এক মুজাহিদ হোটেলটিতে প্রবেশ করে, তাকে অনুসরণ করে ব্যাপক অস্ত্রে সজ্জিত দুজন যোদ্ধ গুলি করতে করতে এগিয়ে যায়।”এসব হামলায় ৩২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবী করেছেন তিনি।দুই দশকের গৃহযুদ্ধে সোমালিয়ার বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।এদিকে, একইদিন দেশটির রাজধানী মোগাদিসুতে এক সেনা গাড়িবহরের ওপর আল শাবাব বিদ্রোহীদের হামলায় চার সেনা নিহত হয় বলে জানিয়েছেন এক সেনা ক্যাপ্টেন। রাজধানীর ওই হামলার পরপরই বুলোবার্দের আবাসিক হোটেলে অপর হামলাটি চালানো হয়।সোমলিয়ার দখলকৃত এলাকাগুলো থেকে আল শাবাবকে হটাতে অভিযান শুরু করেছে আফ্রিকান ইউনিয়ন বাহিনী এএমআইএসওএম। চোরাগোপ্তা হামলা চালিয়ে আল শাবাবও পাল্টা জবাব দেয়।বুলোবার্দ শহরের এক বাসিন্দা হুসেন নুর জানিয়েছেন, সোমবার রাতে শহরের ক্যামালো হোটেলে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এরপর সেনাদের সঙ্গে জঙ্গিদের কয়েক ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে।মঙ্গলবার সকালে টেলিফোনে কথা বলার সময় হঠাৎ তার লাইনটি কেঁটে যাওয়ায় আর বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এএমআইএসওএম এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
