আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৫
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেনে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৭ জন।
আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের রাজধানী মায়মানায় এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয় বলে প্রদেশটির গভর্নর মোহাম্মাদুল্লাহ বাতাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
একটি ব্যস্ত বাজারের কাছে আত্মঘাতী হামলাকারী তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরণের বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
দেশটিতে আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
এই হামলার ব্যাপারে গভর্নর বাতাস বলেন, তিনচাকার একটি মটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে হামলাকারীরা হামলাটি চালায়। দিনটি বাজারবার হওয়ায় সেখানে কৃষক ও অধিবাসীদের ভিড় ছিল।
এখনো পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
তবে তালেবান জঙ্গি এবং আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠী ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান দেশটির বিভিন্ন অঞ্চলে অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে।
ইতোমধ্যে তালেবান গোষ্ঠী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যে অংশ নেবে তার ওপরই হামলার হুমকি দিয়ে রেখেছে।
এ বছরের শেষ নাগাদ দেশটির নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে তুলে দিয়ে নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী ২০১৩ সালে দেশটিতে বিভিন্ন হামলা-সহিংসতায় ২৯৫৯ জন নিহত ও ৫৬৫৬ জন আহত হয়েছেন যা ২০১২ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি।
