চীনে ফের ছুরি হাতে হামলা, নিহত ৬
চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংসার এক বাজারে ছুরি হাতে মারামরিতে ৬ জন নিহত হয়েছেন।
হামলাকারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে স্থানীয় একটি বাজারে ফেরিওয়ালাদের মধ্যে তর্কাতর্কি থেকে এ ঘটনার সূত্রপাত।
গত ১ মার্চ ইউনান প্রদেশে ছুরি নিয়ে ভয়াবহ হামলায় ২৯ জন নিহত ও ১৪৩ জন আহত হন, যে হামলার জন্য শিনজিয়াংয়ের উরঘুইয়ের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে দেশটির সরকার।
সিনহুয়ার খবরে বলা হয়, হেবির তুর্দি ও মেমেত অ্যাবলা নামের দুই ব্যবসায়ী প্রথমে ছুরি নিয়ে মারামারিতে জড়ান। তারা দুজনেই জাতিতে উরঘুই।
তুর্দির ছুরিকাঘাতে অ্যাবলা নিহত হওয়ার পর আরো কয়েকজনের ছুরিতে তিনি নিজেও আহত হন। এরপর পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। দাঙ্গায় জড়ানো আরো দুইজন ঘটনাস্থলেই মারা যান, বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে।
