২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন নিয়ে ‘যুদ্ধ চায় না রাশিয়া’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেইন সঙ্কট নিয়ে জরুরি এক বৈঠকে ইউক্রেইনের সঙ্গে “যুদ্ধ চায় না” বলে জানিয়েছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 12:15 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।ইউক্রেইনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়ুকের সরাসরি এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে ক্রিমিয়ার গণভোট গ্রহণের অধিকার ও রাশিয়ায় যোগ দিবে কীনা সে সিদ্ধান্ত নেয়ার অধিকারের বিষয়ে এক আবেগঘন বক্তৃতা দেন চুরকিন।নিরাপত্তা পরিষদকে ইয়াতসেনিয়ুক বলেন, তার দেশ রুশ আগ্রাসনের শিকার। এই অভিযোগ বৈঠকে তিনি জাতিসংঘের ঘোষিত নীতিমালার একটি ছাপানো কপি তুলে ধরেন এটি বোঝাতে যে, রাশিয়া নিজের ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি নীতি লঙ্ঘণ করছে।তবে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন সংঘাত নিরসনে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের একটি সুযোগ আছে এবং এ বিষয়ে রাশিয়াকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান তিনি।চুরকিনকে উদ্দেশ্য করে রুশ ভাষায় সরাসরি তিনি জিজ্ঞেস করেন, “কিয়েভ একটি প্রশ্নের উত্তর জানতে চায়, রাশিয়া কি কয়েক দশক ধরে তার সঙ্গে উষ্ণ ও বন্ধুত্বের সম্পর্ক থাকা একটি দেশের সঙ্গে যুদ্ধ করতে চায়?”তিনি বলেন, “আমার বিশ্বাস রাশিয়া যুদ্ধ চায় না। আশি আশা করছি রুশ সরকার ও রুশ প্রেসিডেন্ট জনগণের ইচ্ছার মূল্যায়ন করবেন এবং আমরা আলোচনায় ফিরে গিয়ে সংঘাতের সমাধান করব।”এর উত্তরে চুরকিন বলেন, “রাশিয়া বা রুশ জনগণ কেউই যুদ্ধ চায় না, আমি সন্তুষ্ট যে ইউক্রেইনও যুদ্ধ চায় না।”ইয়েতসেনিয়ুকের আলোচনার আহ্বান উপেক্ষা করে তিনি অভিযোগ করেন, “মস্কো না, কিয়েভই ইউক্রেইনকে দুইভাগে ভাগ করছে।”ইউক্রেইনে একটি “আইনি শূন্যতা” তৈরি হওয়ার ক্রিমিয়া গণভোটের দিকে দিকে এগিয়ে গেছে বলে দাবি করেছেন তিনি। ক্রিমিয়া কেন নিজেদের ভবিষ্যত বিষয়ে সিদ্ধান্ত নেয়ার “সুযোগ” পাবে না তা জানতে চেয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন চুরকিন।এদিকে, ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় শহর দোনেস্কে ইউক্রেইন ও রুশপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দোনেস্কের স্বাস্থ্য কর্মকর্তারা।শহরটির লেনিন স্কয়ারে রুশপন্থী কয়েকশ’ বিক্ষোভকারীর সঙ্গে রাজধানী কিয়েভ থেকে আসা সমসংখ্যক ইউক্রেইনপন্থী বিক্ষোভকারীর সংঘর্ষে বেশ কয়েকজন আহতও হয়।২২ ফেব্রুয়ারি ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ পদচ্যুত হওয়ার পর থেকে এই প্রথম বিরোধী দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হলেন।ইউক্রেইনের জাতিগত রুশ সংখ্যাগরিষ্ঠ স্বায়ত্ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যোগ দেবে না ইউক্রেইনের অংশ হয়েই থাকবে, সে বিষয়ে আগামী রোববার অঞ্চলটিতে গণভোট গ্রহণ করা হবে।এই গণভোটকে সামনে রেখে পশ্চিমা দেশগুলোর ব্যাপক কূটনৈতিক তৎপরতার মুখে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।এই পরিস্থিতিতে শুক্রবার লন্ডনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক বসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।