২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুর-বেড়াল পুষতেই সাড়ে ৫ হাজার কোটি ডলার!

পোষা প্রাণির পেছনে ২০১৩ সালে আমেরিকানরা খরচ করেছে ৫ হাজার ৫৭০ কোটি ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 01:10 AM

Updated : 01 Sep 2026, 12:36 PM

আমেরিকান পেট প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো এ তথ্য জানিয়ে বলেছে, গত বছর পোষা প্রাণির পেছনে আমেরিকানরা তার আগের বছরের চেয়ে সাড়ে চার শতাংশ বেশি ব্যয় করেছেন।

পোষা প্রাণির খাবার, প্রশিক্ষণ, চিকিৎসা ও সাবান, শ্যাম্পুসহ নানা সরঞ্জাম কেনার পেছনে এ ব্যয় করেছেন আমেরিকানরা।

এরমধ্যে কুকুর ও বিড়ালকে ‘শিষ্টাচার’ শেখাতে প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে ৬১০ কোটি ডলার।

এসব প্রশিক্ষণে কিভাবে শত্রুর আক্রমণ মোকাবেলা করতে হবে কিংবা তাকে ভয় দেখাতে হবে, কিভাবে প্রস্রাব-পায়খানা করতে হবে, মালিকের আবেদনে কিভাবে সাড়া দেয়া লাগবে ইত্যাদি শেখানো হয়।

পোষা প্রাণীর খাদ্যসহ অন্যান্য সরঞ্জাম বিক্রেতাদের সংগঠন ট্রেডগ্রুপের প্রধান নির্বাহী বলেন, “পালিত পশুর যত্নে আমেরিকানরা দিনদিন আরো সচেতন হচ্ছেন। এক্ষেত্রে পশু খাদ্যের ব্যাপারে তাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে।”

তিনি জানান, এর ফলে এ খাতে ব্যয়ও ২০১৩ সালে আগের বছরের চেয়ে প্রায় ১০০ কোটি ডলার বেড়ে দুই হাজার ১৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এবছর গৃহপালিত প্রাণির পেছনে আমেরিকানদের ব্যয় ৫ হাজার ৮৫০ কোটি ডলার ডলার হতে পারে বলে র্পূবাভাস দিয়েছে আমরেকিান পেট প্রোডাক্ট অ্যাসোসিয়েশন।