২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন সীমান্তে আবার সামরিক মহড়া রাশিয়ার

ক্রিমিয়াকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইউক্রেইন সীমান্তের কাছে ৮,৫০০ সেনা এবং ব্যাপক গোলাবারুদ নিয়ে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 11:35 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

রাশিয়ায় যোগ দেয়া নিয়ে আগামী রোববার ক্রিমিয়ায় গণভোটের আগে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারির তোয়াক্কা না করে এ মহড়া শুরু করল মস্কো।রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেইন সীমান্তের কাছে রোস্তোভ, বেলগোরোদ এবং কার্স্ক এ সামরিক মহড়া শুরু হয়েছে। মার্চের শেষ নাগাদ এ মহড়া চলবে। সামরিক বাহিনীর সক্ষমতা এবং সাংগঠনিক দক্ষতা যাচাই করে দেখাই এর লক্ষ্য।রকেট লাঞ্চার এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্রের মতো হাতিয়ার মহড়ায় ব্যবহার করা হবে বলেও জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয় ।ইউক্রেইন সঙ্কট শুরুর পর এটি মস্কোর দ্বিতীয় বৃহত্তম মহড়া। এর আগে রাশিয়া বাহিনী ক্রিমিয়া দখলের কয়েকদিন আগে ইউক্রেইন সীমান্তে প্রথম সামরিক মহড়া অনুষ্ঠান করে মস্কো।তিনদিন মহড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তেজনা প্রশমনের চেষ্টায় তা বন্ধের নির্দেশ দেন।ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা প্রধান আন্দ্রি পারুবি বুধবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেইনের পূর্ব ও দক্ষিণ সীমান্তে জটিল পরিস্থিতি বিরাজ করছে। সেখানে এখন ৮ হাজারেরও বেশি রুশ সেনা সমাবেশ ঘটেছে।তিনি বলেন, নানা দিক থেকে পুরোদস্তুর আগ্রাসনের হুমকি আছে। কিছু কিছু সেনা ইউক্রেইনের রাজধানী কিয়েভ থেকে মাত্র দুই তিন ঘণ্টার পথ দূরে আছে।ইউক্রেইনের পার্লামেন্ট এরই মধ্যে ৬০ হাজার সদস্যের শক্তিশালী নতুন প্রতিরক্ষা বাহিনী ‘ন্যাশনাল গার্ড’ প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছে।ইউক্রেইনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বুধবার রাশিয়ার কাছে কখনোই আত্মসমর্পন না করার অঙ্গীকার করেছেন।রাশিয়া ক্রিমিয়া থেকে সেনা না সরালে যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে রেখেছে।যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিও রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছে।রাশিয়া অবস্থান না বদলালে মারাত্মক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।সঙ্কট সমাধানে কূটনৈতিক কোনো অগ্রগতি না হলে সোমবারই রাশিয়ায় ইইউ নিষেধাজ্ঞা আরোপ হতে বলে জানিয়েছেন মের্কেল।এর আগে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনও রাশিয়াকে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে।