নিউ ইয়র্কে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গ্যাস পাইপ বিস্ফোরণে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিবিসির সর্বশেষ খবরে এ তথ্য জানা গেছে।দেশটির স্থানীয় সময় বুধবার সকালে ম্যানহাটনের ইস্ট হারলেমে পাঁচ তলা ভবনদুটিতে এ দুর্ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে এবং কতজন আহত সে বিষয়েও রয়েছে বিভিন্ন মত।নিউ ইয়র্ক সিটির ফায়ার সার্ভিস কর্মকর্তা মিশেল পেরেল্লার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্ততপক্ষে ৯ জন। তাদের সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।
কিন্তু পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে নিখোঁজের সংখ্যা ৫।নিউইয়র্ক সিটির অগ্নিনির্বাপক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২২ জন। তবে, স্থানীয় বিভিন্ন হাসপাতালের তালিকা দেখে ‘এবিসি নিউজ’ জানিয়েছে আহতের সংখ্যা সাত শিশুসহ অন্ততপক্ষে ৬৪জন।
এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।এদিকে, দুর্ঘটনার কারণ বিষয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দ্য ব্লোসিও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিস্ফোরণের ১৫ মিনিট আগে পাইপ থেকে গ্যাস নিঃসরণের অভিযোগ সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হয়। তবে ব্যবস্থা নেয়ার আগেই বিস্ফোরণ ঘটে।“শক্তিশালী বিস্ফোরণে পাশাপাশি ভবন দুটি পুরোপুরি ধসে যায় এবং আশপাশের অন্যান্য স্থাপনার ক্ষতি হয়।”পাঁচ তলা ভবনদুটিতে অন্ততপক্ষে ১৫টি অ্যাপার্টমেন্ট ছিল। বিস্ফোরণের পর ভবনের আশপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং কংক্রিটের টুকরো ছিটকে পড়ে।অগ্নিনির্বাপক বিভাগের আড়াইশ’র বেশি কর্মী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।দুর্ঘটনাস্থলটি নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল রেল স্টেশনের একটি রেল লাইনের পাশে হওয়ায় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলও বন্ধ থাকে।গ্যাস বিতরণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কন এডিসন বলছে, বিস্ফোরণের কিছুক্ষণ আগে একজন বাসিন্দা তাদের গ্যাসের গন্ধ পাওয়ার কথা জানিয়েছিলেন।তবে আরেক বাসিন্দা নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন, তিনি বিস্ফোরণের আগে এক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাচ্ছিলেন।
আহতদের হারলেম হাসপাতাল, মাউন্ট সিনাই হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
