২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমানের ১০ ভাগ যাত্রী ছিলেন টেলিকম কর্তা

২২৭ যাত্রী আর ১২ ক্রু নিয়ে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ ফ্লাইটের যাত্রীদের ১০ শতাংশই ছিলেন টেলিযোগাযোগ খাতের শীর্ষ কর্তাব্যক্তি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 08:35 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ এবং দক্ষ এসব গুরুত্বপূর্ণ ব্যক্তির হারিয়ে যাওয়াকে টেলিযোগাযোগ খাতে বড় ধরনের ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

শনিবার ভোররাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন আরোহীসহ নিখোঁজ মালয়েশিয়া এরালাইন্সের বিমানটি ইতোমধ্যেই নানা জল্পনার জন্ম দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়ার রাজধানীতে সাবমেরিন ক্যাবল সংযোগের জন্য সি-মি-উই ফাইভ চুক্তিতে সইয়ের পর এসব কর্মকর্তা বেইজিং ফিরছিলেন।

ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে রয়েছেন চায়না টেলিকম গ্লোবালের নেটওয়ার্ক প্ল্যানিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হুয়ালিয়ান (হ্যাপি) ঝাং।

ঝাংয়ের সঙ্গে চীনের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দুই জন, টেলিকম কোম্পানি হুয়াউইর দুই জন এবং আরেকটি কোম্পানির একজন প্রতিনিধি ছিলেন। তবে এ দলে ঝাংই ছিলেন একমাত্র সাবমেরিন কেবল বিশেষজ্ঞ।

হারিয়ে যাওয়া উড়োজাহাজটিতে ‘ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর’ নামের প্রযুক্তি বিষয়ক একটি কোম্পানির ২০ কর্মকর্তাও ছিলেন।

অস্টিন (টেক্সাস) ভিত্তিক ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর কোম্পানি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এ ২০ কর্মকর্তার ১২ জন কুয়ালামপুরের এবং ৮ জন চীনের বলে জানানো হয়েছে। এদের সবাই প্রকৌশলী বা বিশেষজ্ঞ এবং কুয়ালালামপুর ও বেইজিং-এ কোম্পানির দুটি চিপ প্রস্তুতকারক ইউনিটে তারা কাজ করতেন। অভিজ্ঞ এসব শীর্ষ কর্তারা নিখোঁজ হওয়ায় ফ্রিস্কেলের ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মিচ হাওস বলেন নিজ নিজ ক্ষেত্রে তাদের ব্যাপক অভিজ্ঞতা ছিল। কারিগরি বিষয়েও তারা দক্ষ। সবচেয়ে বড় বিষয় হলো তারা সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের নিখোঁজ হওয়াটা অবশ্যই প্রতিষ্ঠানের বড় ক্ষতি।”

নিখোঁজ বিমানে ছিলেন ২০ ‘বিশেষজ্ঞ’

নিখোঁজ বিমানের যাত্রীদের ফোন বাজছে!