রহস্য ঘোচেনি তিন দিনেও
চীনের পথে আকাশ থেকে ‘উধাও’ হয়ে যাওয়া মালয়েশীয় বিমানটি এবং ২৩৯ জন আরোহীর ভাগ্যে কি ঘটেছে- তিন দিনেও তা জানা যায়নি।
ভিয়েতনাম সাগরে বিমানের দড়জার মতো দেখতে ভাসমান বস্তুর খবর, সাগরের বুকে ভাসমান তেল, চুরি করা পাসপোর্ট নিয়ে দুই যাত্রীর ওই বিমানে থাকার তথ্য- কোনো ‘ক্লু’ থেকেই বিমানটির বিষয়ে কোনো স্পষ্ট কোনো ধারণা পাননি উদ্ধার ও তল্লাশি অভিযানে থাকা কর্মকর্তারা।
নয়টি দেশের নৌ ও বিমানবাহিনীর ৪০টি জাহাজ ও ৩৪টি বিমান সাগরের বিশাল এলাকাজুড়ে গত তিন দিন ধরে তল্লাশি চালিয়েও এমন কিছু পাননি, যা মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার প্রমাণ হতে পারে।
মালয়েশিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রধান আজহারউদ্দিন আবদুল রহমান সোমবার সকালে সাংবাদিকদের বলেন, বিমানটির ভাগ্যে কি ঘটেছে, তা এখনো রহস্য হয়ে আছে।
তিনি জানান, সাগরে বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ পাওয়ার যেসব খবর এ পর্যন্ত পাওয়া গেছে, তার কোনোটির বিষয়েই নিশ্চিত হওয়া যায়নি।
“প্রতিটি ঘণ্টার প্রতিটি সেকেন্ড আমরা সাগরের দিকে চোখ রাখছি। ওই বিমানের খোঁজ জানতে যতোক্ষণ তল্লাশি চালাতে হয়, আমরা চালাব।”
বিমানটি ছিনতাই হওয়ার আশঙ্কাও তিনি নাকচ করেননি। আর যাত্রীদের স্বজনদের সম্ভাব্য সবচেয়ে খারাপ খবরটির জন্য তৈরি হওয়ার পরামর্শ দিয়েছেন।
স্থানীয় সময় শনিবার প্রথম প্রহরে কুয়ালালামপুর থেকে বেইজিং উদ্দেশ্যে উড্ডয়নের ঘণ্টা দুই পর মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডার স্ক্রিন থেকে হঠাৎই হারিয়ে যায় বিমানটি।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর এটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছিল ভিয়েতনামের কর্মকর্তারা, তবে তার সত্যতা মেলেনি।
মালয়েশিয়ার বিমানবাহিনী প্রধান রোববার জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে বিমানটি দিক বদলে ফিরতে চেয়েছিল বলে রাডার রেকর্ড থেকে তারা ইঙ্গিত পেয়েছেন।
এ নিয়ে মালয়েশিয়ার গঠিত তদন্ত কমিটির এক সদস্য রয়টার্সকে বলেছেন, ৩৫ হাজার ফুট উঁচুতে বিমানটি কোনো কারণে ভেঙে পড়েছিল ধারণা নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন তারা।
ওই উড়োজাহাজটিতে ভুয়া পাসপোর্টধারী দুই ব্যক্তির যাত্রী হয়ে ওঠার তথ্য ইন্টারপোল জানানোর পর এখন নাশকতার আশঙ্কাও ডালপালা মেলছে।
তবে আসলে কী ঘটেছে ১৪টি দেশের যাত্রী নিয়ে মাঝ আকাশে হঠাৎ উধাও হওয়া বিমানটির, সে বিষয়ে নানা ইঙ্গিত মিললেও স্পষ্ট কোনো ধারণা কেউ দিতে পারছে না।
মালয়েশিয়া এয়ারলাইন্সের দেয়া যাত্রী তালিকায় অস্ট্রিয়ার নাগরিক ক্রিস্টিয়ান কোজেল এবং ইতালির লুইজি মারাদলদি নামের দুজনের তথ্য থাকলেও তারা আদৌ ওই বিমানে ছিলেন না বলে জানিয়েছে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই দুইজন বহাল তবিয়তে যার যার দেশে অবস্থান করছেন এবং দুজনই বছরখানেক আগে থাইল্যান্ডে তাদের পাসপোর্ট খুইয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
আর ভুয়া পাসপোর্ট নিয়ে দুই ব্যক্তির বিমানে চড়ার সুযোগ পাওয়াকে উদ্বেগের বিষয় বলে মনে করছেন ইন্টারপোলের মহাসচিব রোনাল্ড নোবেল।
বিবিসি জানিয়েছে, যে দুজন ভুয়া পাসপোর্ট নিয়ে উঠেছিলেন, তারা দুজন একসঙ্গেই টিকিট কেনেন এবং বেইজিং থেকে ইউরোপে যাওয়ার লক্ষ্য ছিল তাদের।
মালয়েশিয়ার পরিবহন ও প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিনকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, ওই দুই জন ছাড়াও আরো দুই যাত্রীর তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
“আমাদের গোয়েন্দা সংস্থাগুলোতে চারটি নামই দেয়া হয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও সাহায্য চাওয়া হয়েছে।”
বিমানবন্দরের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ইউরোপীয় পাসপোর্টধারী দুই যাত্রীর ভিডিও বিশ্লেষণ করে দেখছেন তদন্তকারীরা।
মালয়েশিয়ার তদন্ত কমিটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার রয়টার্সকে বলেন, “যেহেতু আমরা ৪৮ ঘণ্টায়ও কোনো ধ্বংসাবশেষ পাইনি, তাই ধরে নিচ্ছি যে ৩৫ হাজার ফুট উঁচুতে এটি কোনো কারণে ভেঙে গিয়েছিল।”
বোমা বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেছে বলে মনে করেন কি না- জানতে চাইলে ওই তদন্ত কর্মকর্তা রোববার বলেন, “সে ধরনের কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। যান্ত্রিক ত্রুটির কারণেও একটি বিমান ভেঙে পড়তে পারে।”
বোয়িং-৭৭৭ উড়োজাহাজটি থো চু দ্বীপ ও ভিয়েতনাম ঘেঁসে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে বেইজিং যাওয়ার কথা ছিল। কিন্তু ভিয়েতনাম ও মালয়েশিয়ার উপকূলের মাঝামাঝিতে সাগরের ওপর থেকে এটি অদৃশ্য হয়ে যায়।
মালয়েশিয়ার বিমানবাহিনীর প্রধান রোদজালি দাউদ এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের মনে হচ্ছে বিমানটি মাঝপথে ফিরতে চেয়েছিল।
“আমরা মূলত রেকর্ড করা রাডার সংকেতের ভিত্তিতে এই ধারণা করছি। রাডার সংকেত দেখে মনে হচ্ছে, উড়োজাহাজটি তাদের নির্ধারিত পথ থেকে ফিরে আসার চেষ্টা করে থাকতে পারে।”
ভিয়েতনামের কাছে সাগরে শনিবার দীর্ঘ তেলের স্তর দেখা যাওয়ার খবরে তা নিখোঁজ বিমান থেকে পড়েছে বলে দাবি উঠেছিল, কিন্তু তা নিশ্চিত হওয়া যায়নি। ওই তেল সংগ্রহ করে বিমানের তেলের সঙ্গে মিলিয়ে দেখার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
নিখোঁজ উড়োজাহাজটির ২৩৯ আরোহীর মধ্যে ১২ জন ক্রু, বাকিরা ১৪টি দেশের নাগরিক। এদের মধ্যে অন্তত ১৫২ জন চীনের, ৩৮ জন মালয়েশিয়ার, ৭ জন ইন্দোনেশিয়ার, ৬ জন অস্ট্রেলিয়ার, ৫ জন ভারতের, ৪ জন ফ্রান্সের এবং ৩ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।
