মিশরের কায়রোয় সংঘর্ষে নিহত ৩
মিশরের রাজধানী কায়রোয় পুলিশের সঙ্গে মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সংঘর্ষে ৩ আন্দোলনকারী নিহত হয়েছেন।
এছাড়া কায়রোসহ দেশব্যাপী সংঘর্ষে আহত হয়েছেন আরো অন্ততপক্ষে ৪৮ জন।শুক্রবার জুমার নামাজের পর এসব সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও নিরাপত্তা সূত্রগুলো।কায়রোর আলফ মাস্কিন এলাকার রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন ও আবাসিয়া এলাকায় সংঘর্ষে একজন নিহত হন। ব্রাদারহুড সমর্থকরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে ও পেট্রল বোমা নিক্ষেপ করে। পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে এর জবাব দেয় বলে দাবি করেছে নিরাপত্তা সূত্রগুলো।এক বিবৃতিতে মিশরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংঘর্ষকালে ব্রাদারহুডের ৪৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং সুয়েজ শহরে ব্রাদারহুড সদস্যদের ছররা গুলিতে চার পুলিশ আহত হয়েছেন।সারাদেশে ৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কায়রোর দুটি এলাকায় পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় ব্রাদারহুড সমর্থকরা।২০১৩ সালের জুলাইয়ে মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটির অস্থিরতা বিরাজ করছে।ব্রাদারহুডের ওপর সেনাসমর্থিত সরকার কঠোর দমননীতি চালানোর পরও প্রতিবাদ অব্যাহত রেখেছে সংগঠনটির সমর্থকরা। দমননীতির অংশ হিসেবে চালানো অভিযানে সংগঠনটির শত শত নেতাকর্মী নিহত ও হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।২০১৩ সালের ডিসেম্বরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে মিশরীয় সরকার।ব্রাদারহুড দাবি করেছে, সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত নেতাকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।এদিকে, শুক্রবার মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে সৌদি আরব। সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিশরীয় সরকার।সৌদি ঘোষণার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে “বিস্ময়” প্রকাশ করেছে ব্রাদারহুড। এই সিদ্ধান্ত ব্রাদারহুডের সঙ্গে দেশটির “ঐতিহাসিক সম্পর্কের বিপরীত” বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
