২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শীয় বিমানটি সাগরে ‘বিধ্বস্ত’

বেইজিংয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়া মালয়শিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি উপকূল থেকে ১৫৩ মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ভিয়েতনাম নৌবাহিনীর কর্মকর্তাকে উদ্ধৃত করে গণমাধ্যমে খবর এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 12:33 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

ভিয়েতনামের নৌ কর্মকর্তা অ্যাডমিরাল নগো ভ্যান পাতকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, এই মুহূর্তে সেখানে উদ্ধারকারী নৌযান না থাকায় ফু কুক দ্বীপে খবর পাঠিয়েছেন।

ফু কুক ও থো চু দ্বীপ ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

তবে সাগরের ঠিক কোথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নগো ভ্যান পাথ।

ছেড়ে যাওয়ার দুই ঘণ্টার ব্যবধানে মালয়শিয়ার স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৪০ মিনিট থেকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না।

বোয়িং বি৭৭৭-২০০ সিরিজের উড়োজাহাজের এমএইচ৩৭০ ফ্লাইটে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।

এর আগে মালয়শিয়া এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ৪১ মিনিটে এটি বেইজিংয়ের উদ্দেশ্যে উড়ে যায়। বেইজিংয়ের স্থানীয় সময় সাড়ে ৬টায় উড়োজাহাজটির অবতরণ করার কথা।

তবে রাত ২টা ৪০ মিনিটের পর উড়োজাহাজটির সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল।

যাত্রীদের মধ্যে ১৩ দেশের নাগরিক রয়েছেন।