২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাবেসের মৃত্যুবার্ষিকীর আগে ভেনেজুয়েলায় বিক্ষোভ

ভেনেজুয়েলার প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চাবেসের প্রথম মৃত্যুবার্ষিকীর আগের দিন রাজধানী কারাকাসে দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 01:22 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার এ বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বলে বিবিসি জানিয়েছে।এক মাস আগে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে যেসব বিরোধীদলীয় নেতাকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবিও জানান বিক্ষোভকারীরা।ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাবেক প্রেসিডেন্ট চাবেসের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার । এ উপলক্ষে বুধবার বিকেলে সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এর আগের দিন বিরোধীদলের সরকারবিরোধী বিক্ষোভের কারণে দেশটিতে টান টান উত্তেজনা বিরাজ করছে।২০১৩ সালের ৫ মার্চ প্রেসিডেন্ট থাকা অবস্থায়ই মারা যান চাবেস। এর আগে টানা ১৪ বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন তিনি।চাবেসের মৃত্যুর পর ২০১৩ সালের এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জয়ী হন তারই ভাইস প্রেসিডেন্ট মাদুরো।চাবেসের ঘনিষ্ঠতম সহকর্মী ছিলেন মাদুরো।সমাজ সংস্কারে চাবেসের গৃহীত কর্মসূচী অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাদুরো। এই কর্সূচীকে “বলিভারিয়ান বিপ্লব” বলে অভিহিত করতেন চাবেস।ওই কর্মসূচীর বাস্তবায়ন অব্যাহত রাখলেও এক মাস ধরে মাদুরোর শাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আসছে সরকার বিরোধীরা।এসব বিক্ষোভে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের বেশ কয়েকজন নিহত হয়েছেন।মঙ্গলবারের বিক্ষোভে প্রধানত শাদা শার্ট পরিহিত বিক্ষোভকারীরা মিছিল করে কারাকাসের শ্রমজীবীদের আবাসিক এলাকার দিকে এগিয়ে যায়। শ্রমজীবীরা সমাজতান্ত্রিক সরকারের সমর্থক।এ সময় তাদের বহন করা ব্যানারে লেখা ছিল, “একনায়কতন্ত্র”, ও “ভেনেজুয়েলাকে কাঁদাতে যথেষ্ট কাঁদুনে গ্যাস মজুদ আছে”।