২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুনমিং এ হামলা ‘সন্ত্রাস’, বলল যুক্তরাষ্ট্র

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি রেলস্টেশনে ছুরি হাতে নজিরবিহীন হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

চীনের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম ওয়াশিংটনের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ করার পর যুক্তরাষ্ট্র এ বিবৃতি দিল।বেইজিং এ যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাথমিকভাবে এ ঘটনাকে ‘সন্ত্রাস’ আখ্যা না দিয়ে বরং একে ‘ভয়াবহ, কাণ্ডজ্ঞানহীন সহিংসতা’ বলে বর্ণনা করে।‘সন্ত্রাস’ শব্দটি ব্যবহার না করায় পশ্চিমা গণমাধ্যমকে অভিযুক্ত করেছে চীন। রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া একে বিশ্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি আখ্যা দিয়েছে।এর পরিপ্রেক্ষিতে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের মুখপাত্র জেন সাকি বলেছেন, “কুনমিং এ সহিংসতা জনতার ওপর দৈবাৎ সন্ত্রাসী তৎপরতা।”শনিবার ইউনানের কুনমিং রেলস্টেশনে এ ঘটনায় ৩৩ জন নিহত এবং আহত হয় আরো অন্তত ১১৩ জন। চীন সরকার এই হামলার জন্য শিনঝাং বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে।অন্তত দশ হামলাকারী স্টেশনের টিকেট কাউন্টার ও সামনের খোলা জায়গায় যাত্রীদের ওপর চড়াও হয় এবং নির্বিচারে ছুরি মেরে ২৯ জনকে হত্যা করে। এ সময় পুলিশের গুলিতে চার হামলাকারী নিহত হয় বলে জানায় চীনের সিনহুয়া বার্তা সংস্থা।কুনমিংয়ের পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া বলছে, ঘটনাস্থলে যেসব আলামত পাওয়া গেছে, তাতে এটা শিনঝাংয়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে।চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল শিনঝাংয়ের সংখ্যালঘু উইঘুর মুসলিমরা দীর্ঘদিন ধরে চীন থেকে আলাদা হওয়ার জন্য আন্দোলন চালিয়ে আসছে। গত এক বছরে সেখানে সহিংসতায় শতাধিক লোকের মৃত্যু হয়েছে।