ক্রিমিয়ায় সংহত অবস্থানে রাশিয়া
রাজনৈতিক অস্থিরতা কবলিত ইউক্রেইনের রুশভাষী অঞ্চল ক্রিমিয়ায় নিজেদের অবস্থান সংহত করেছে রুশ বাহিনী।
অপরদিকে প্রতিবেশী এ দেশটিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের চড়া মাশুল দিতে হয়েছে দেশটির আর্থিক খাতকে।সোমবার ইউক্রেইনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনার বাড়ার জেরে মস্কো পুঁজিবাজারে ব্যাপক দরপতন ঘটে।এদিন পুঁজি বাজারের ১০ দশমিক ৮ শতাংশ দরপতনে প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির শিকার হয় বিনিয়োগকারীরা। একদিনের এই ক্ষতির পরিমাণ সদ্য সমাপ্ত সোচি অলিম্পিকের ৫১ বিলিয়ন ডলার ব্যয়কেও ছাড়িয়ে গেছে।বিনিয়োগকারীদের আস্থায় রেখে রুবলের দাম ধরে রাখতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয় করেছে।রুশ স্বার্থ ও রুশ নাগরিকদের রক্ষার জন্য ইউক্রেইন দখল করে নেয়ার অধিকার তার আছে বলে গত সপ্তার শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন।সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেইন বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তুমুল হট্টগোলপূর্ণ ওই বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রুশদূত দাবি করেছেন, ইউক্রেইনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে রুশ সেনাবাহিনী ব্যবহার করতে প্রেসিডেন্ট পুতিনের কাছে চিঠি পাঠিয়েছেন।ইউক্রেইন সঙ্কট চলার মধ্যেই পশ্চিম রাশিয়ায় সামরিক মহড়া শুরু করেছে রুশ বাহিনী। রাশিয়ার সামরিক সক্ষমতা তুলে ধরতেই মহড়াটির আয়োজন করা হযেছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। প্রায় এক সপ্তাহ অন্তরালে থাকার পর এই মহড়াতেই প্রথম বারের মতো জনসম্মুখে আসেন প্রেসিডেন্ট পুতিন।এদিকে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে ক্রিমিয়ায় অবস্থানরত ইউক্রেইনীয় বাহিনীকে আত্মসমপর্ণের আল্টিমেটাম দিয়েছে কৃষ্ণ সাগরে মোতায়েন রুশ নৌবহর, এ ধরনের খবর অস্বীকার করেছে রুশ নৌবাহিনী।তবে এ ধরনের হুমকির বিষয়কে চরম বিপজ্জনক বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।ক্রিমিয়ায় রুশ সেনা উপস্থিতি বাড়ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের অস্থায়ী প্রেসিডেন্ট। ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যবর্তী সাড়ে চার কিলোমিটার প্রশস্থ কার্চ প্রণালীতে প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে রাশিয়া।ইউক্রেইনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র বলেছেন, প্রতিরক্ষা বলয় গড়ার পর রুশ বাহিনী ইউক্রেইনের পাশে দখল করে নেয়া সীমান্ত চৌকিতে ফেরি যোগে সেনা পাঠানো শুরু করেছে।তবে সোমবার বিকেলে রয়টার্সের প্রতিনিধি সাংবাদিক ক্রিমিয়ার ফেরি টার্মিনালে অস্বাভাবিক কোনো তৎপরতা দেখতে পাননি বলে জানিয়েছেন।জাতিসংঘে নিযুক্ত ইউক্রেইনের দূত ইউরি সের্গেয়েভ দাবি করেছেন, ক্রিমিয়ায় গত সপ্তাহ থেকে এ পর্যন্ত প্রায় ১৬ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।এসব খবরের প্রতিক্রিয়ায় সোমবার রাতে যৌথমহড়া, বন্দর পরিদর্শনসহ রাশিয়ার সঙ্গে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া মস্কোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও বিনিয়োগ আলোচনাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিযেছে দেশটি।
