ভেনেজুয়েলায় নতুন করে বিক্ষোভ
ভেনেজুয়েলায় নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী কারাকাসের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
বিবিসি বলছে, চাচাও এবং আলতামিরায় আন্দোলনকারীরা বিক্ষোভ শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওই দুটি অঞ্চলে সরকারবিরোধীপক্ষের শক্ত অবস্থান রয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির ঐতিহ্যবাহী উৎসবের ছুটি চলতি সপ্তার শের্ষ পর্যন্ত বাড়িয়েছেন। তিনি ভেনেজুয়েলাবাসীকে বিশ্রাম নিয়ে শান্তি উদযাপনের আহ্বান জানিয়েছেন।
দেশটিতে তিন সপ্তারও বেশি সময় ধরে বিক্ষোভ-সংঘর্ষে অন্ততপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।
বিরোধীদলীয় নেতারা জনগণকে ঋতুভিত্তিক এই উৎসব পালন না করার আহ্বান জানিয়েছে। এই উৎসবের সময় অনেক ভেনেজুয়েলাবাসী সমুদ্র উপকূলে আনন্দ উদযাপন করে থাকে।
বিরোধী নেতারা ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া অসংখ্য আন্দোলনকারীকে মুক্তির দাবি জানিয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দেশটির অন্যতম বিরোধীনেতা লিওপোল্ডো লোপেজও রয়েছেন।
দেশটির জনপ্রিয় নেতা উগো চাবেস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার উত্তরসূরি হিসেবে ২০১৩ সালের এপ্রিলে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে স্বল্প ব্যবধানে বিজয়ী হন নিকোলাস মাদুরো।
আর তখন থেকেই দেশটিতে রাজনৈতিক বিভক্তি আরো গভীর হতে শুরু করে।
কম ভোটে হেরে যাওয়া প্রেসিডেন্ট প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেস তখনই অভিযোগ তোলেন, সরকার নির্বাচনে কারচুপি করেছে।
