যুদ্ধবিরতির ঘোষণা পাকিস্তান তালেবানের
পুনরায় শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে এক মাসের যুদ্ধ বিরতি ঘোষণা করেছে পাকিস্তান তালেবান।
রয়টার্সের খবরে বলা হয়, সরকারের পক্ষ থেকে নতুন করে আক্রমণ না হওয়ার আশ্বাস পেয়ে শনিবার এই ঘোষণা দেয় জঙ্গি সংগঠনটি।
গত মাসে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানোর গুঞ্জনের মধ্যেই এই ঘোষণা এলো।
পাকিস্তান তালেবানের মুখপাত্র শহিদুল্লা শহিদ এক বিবৃতিতে বলেন, “যুদ্ধবিরতির ঘোষণার প্রতি সম্মান দেখিয়ে তা মেনে চলতে সংশ্লিষ্ট উপদলগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।এ সময়ের মধ্যে (একমাস) তারা যেন সব ধরনের জিহাদি কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।”
গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানে সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। কয়েকদিন আলোচনা চলার পর নিজেদের যোদ্ধাদের হত্যার প্রতিশোধ হিসেবে তালেবানরা সরকারি আধা সামরিক বাহিনীর ২৩ সদস্যকে হত্যা করার পর সংলাপ ভেস্তে যায়।
একজন শীর্ষ তালেবান নেতা রয়টার্সকে বলেন, সরকার নতুন করে আর আক্রমণ করবে না বলে তাদেরকে আশ্বাস দেয়ার পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
তিনি বলেন, “সরকারই প্রথম যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে বলে আপনি ধরে নিতে পারেন। প্রাদেশিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জনগণের ওপর হামলা চালাবে না। পরে আমরাও তাদের প্রতিশ্রুতি দেই।”
এবিষয়ে সরকারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সরকারের কোন ব্যক্তি হামলা না করার আশ্বাস দিয়েছে তার নামও বলতে রাজি হননি তালেবান নেতারা।
