স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া তাদের পূর্ব সমুদ্র উপকূলে ৪ টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক গণমাধ্যম কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তবে এ ক্ষেপণাস্ত্র ছোড়ার উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেননি তিনি।
ওই কর্মকর্তা বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তের উত্তরের পার্বত্যাঞ্চল থেকে ৫ টা ৪২ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।
সামরিক মহড়ার অংশ হিসাবে উত্তর কোরিয়া অনেক সময়ই স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে থাকে।
তবে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর কয়েকদিনের মাথায় উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করল। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে যুদ্ধের পাঁয়তারা বলে বরাবরই এর নিন্দা করে আসছে উত্তর কোরিয়া।
