ইসরায়েলি হামলার জবাব দেয়ার ঘোষণা হিজবুল্লাহর
সিরীয় সীমান্তবর্তী লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের যুদ্ধবিমান হামলার জবাব দেয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।
সোমবার হিজবুল্লাহর একটি ঘাঁটিতে ওই হামলা চালানো হয় বলে বিবিসি জানিয়েছে।
তবে ওই অঞ্চলের ঠিক কোন লক্ষ্যস্থলে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সিরীয় সীমান্তের কাছে লেবাননের ওই অঞ্চলটি পাহাড় অধ্যুষিত।
লেবাননের পূর্বাঞ্চলীয় সীমান্ত সচরাচর চোরাচালানীরা তাদের কারবারের জন্য ব্যবহার করে থাকে। দুই বছরে ইসরায়েলি বিমান বাহিনী ওই অঞ্চলে কয়েকদফা হামলা চালিয়েছে।
নিরাপত্তাসূত্রগুলোর দাবি, সীমান্তের ওই রুট ব্যবহার করে সিরিয়া থেকে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচার হচ্ছে সন্দেহে এসব হামলা চালানো হয়।
আল মানার টেলিভিশনের বরাতে জানা যায়, শিয়া ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে “লেবাননের সার্বভৌমত্বের ওপর ও সীমানায় ভয়ানক হামলা” বলে অভিহিত করেছে।
হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে জানায়, তারা যথাযথ সময়, স্থান ও কোন প্রক্রিয়ায় জবাব দেয়া হবে তা নির্ধারণ করছে।
ইসরায়েল অবশ্য সরকারিভাবে এই আকাশ হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
কিন্তু মঙ্গলবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু জোর গলায় ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য যা যা করণীয় তার সবই সরকার করবে।
তিনি আরো বলেন, “আমরা বলবো না আমরা কি করছি কিংবা কি করছি না।”
ইসরায়েলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা টাইম ম্যাগাজিনকে বলেন, যুদ্ধবিমানগুলো সিরিয়া থেকে লেবাননে পাচারের জন্য ভূমি থেকে ভূমিতে হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্র বোঝাই একটি গাড়িবহর লক্ষ করে হামলা চালিয়েছে।
তবে হিজবুল্লাহ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আকাশ হামলায় তাদের পণ্য বা দ্রব্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গোষ্ঠীটি তাদের কোন অস্ত্রবহর বা রকেট লক্ষ করে হামলা এবং এ সংক্রান্ত কোন ক্ষয়ক্ষতি অস্বীকার করেছে।
স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে, এই হামলায় হিজবুল্লাহর চার সদস্য নিহত হয়েছেন।
