২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ হাজার কর্মী ছাঁটাই করবে কুয়ান্টাস

বড় ধরনের আর্থিক লোকসানের মুখে ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিমান পরিবহন সংস্থা কুয়ান্টাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 12:35 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

অস্ট্রেলীয় এই সংস্থাটি আগামী তিনবছরে ১৭৯ কোটি মার্কিন ডলার ব্যয় কমিয়ে আনার পরিকল্পনা করেছে বলে বিবিসি জানিয়েছে।

২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ছয়মাসে সংস্থাটি ২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার লোকসান গুনেছে।

সংস্থাটি তাদের বহর থেকে ৫০টি বিমান সরিয়ে নেওয়ারও ঘোষণা দিয়েছে।

কুয়ান্টাস জানিয়েছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রেই তারা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে।

এক বিবৃতিতে কুয়ান্টাসের প্রধান নির্বাহী এলান জয়েস বলেন, “এই বিমান পরিবহন সংস্থাটি এমন কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয়েছে যা আগে কখনো ঘটেনি। আর এ জন্যেই বিষয়টি সামাল দেয়ার জন্য পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।”

কুয়ান্টাস অস্ট্রেলিয়ার সরকারের কাছে আর্থিক সহায়তার জন্য দেনদরবার করে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশের মাঝে রাখার বাধ্যবাধকতা থেকেও সরে এসে বাইরের বিনিয়োগ আকর্ষণের ব্যাপারেও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুয়ান্টাসের স্বদেশি প্রতিপক্ষ বিমান পরিবহন সংস্থা ভার্জিন অস্ট্রেলিয়ায় এয়ার নিউজিল্যান্ড, ইত্তিহাদ ও সিঙ্গাপুর এয়ারলাইনস এই তিনটি অন্যদেশের সরকারি বিমান সংস্থার বড় ধরনের অংশ রয়েছে।