জাতিসংঘ প্রস্তাবনার পরও সিরিয়ায় ত্রাণ বন্ধ
সিরিয়ায় মানবিক ত্রাণ কার্যক্রমের ওপর কড়াকড়ি বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশ্বের শক্তিধর দেশগুলো সর্বস্মতভাবে প্রস্তাবনা পাস করার পরও দামেস্কর কাছ থেকে ত্রাণবাহী গাড়িবহর যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে ঢুকতে দেয়ার অনুমোদন আদায় করতে হবে বলে সংশয়ে আছে ত্রাণকর্মীরা।
জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় কার্যালয়ের মুখপাত্র জেনস লার্কে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবনা পাসের পরও সিরিয়ায় ত্রাণ সরবরাহে আশু কোনো অগ্রগতি হয়নি।সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে খাবার ও অন্যান্য চিকিৎসা সেবা সামগ্রী প্রবেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রশাসন এমনকি কোনো কোনো ক্ষেত্রে বিদ্রোহী যোদ্ধারাও বাধা দিচ্ছে বলে অভিযোগ আছে।তিন বছর ধরে গৃহযুদ্ধের বিপর্যয়ের মধ্যে থাকা সিরিয়ায় আরো বেশি ত্রাণ সরবরাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত শনিবার সর্বসম্মতভাবে প্রস্তাবনা পাস হয়।চীন ও রাশিয়া ইতোপূর্বে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘে ওঠা তিনটি প্রস্তাবে ভেটো দিলেও শনিবারের প্রস্তাবটিতে দেশদুটির অবস্থান ছিল ব্যতিক্রম। প্রস্তাবনা লঙ্ঘিত হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুমকি দেয়া হয়।কিন্তু সিরিয়া সরকার প্রস্তাবনা না মানলে রাশিয়া ও চীন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়াকে সমর্থন করবে না বলেই মনে করছেন জাতিসংঘ কূটনীতিকরা।সিরিয়া থেকে এক ত্রাণকর্মী বলেন, “প্রস্তাবনাটি পাস হয়ে শেষ পর্যন্ত একটি কাজের কাজ হয়েছে বলে মনে করে অনেকেই। কিন্তু আমি বিষয়টাকে সেভাবে প্রত্যক্ষ করছি না। আমরা দেখছি আর অপেক্ষা করছি”।
