২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’তে ইয়ানুকোভিচের বিচার চায় ইউক্রেইন

ইউক্রেইনের পলাতক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে ‘মারাত্মক অপরাধের’ অভিযোগে বিচার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আসিসি) পাঠানোর পক্ষে ভোট দিয়েছে পার্লামেন্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Feb 2014, 12:03 AM

Updated : 25 Apr 2022, 03:52 PM

মঙ্গলবার প্রস্তাবটি পার্লামেন্টে সর্বসম্মতভাবে পাস হয়।

গত নভেম্বর থেকে ইউক্রেইনে সরকার বিরোধী বিক্ষোভ চলেছে। গত সপ্তাহে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে পাল্টাপাল্টি সংঘাতে অন্তত একশ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে ‘ব্যাপক হত্যাযজ্ঞ’ দাবি করে পলাতক ইয়ানুকোভিচকে এর জন্য দায়ী করা হয়েছে প্রস্তাবনায়।

এতে বলা হয়, ইয়ানুকোভিচ ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভিতালি জাখারসেনকো, সাবেক প্রসিকিউটর জেনারেল ভিক্তর জোনকাকে আইসিসি’তে পাঠানো যেতে পারে।

প্রস্তাবে আরো বলা হয়, “সরাসরি অপরাধের আদেশ দেয়ার অপরাধে ভিক্টর ইয়ানুকোভিচ ও অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে আন্তর্জাতিক অপরাধ আদাতের কাছে পার্লামেন্ট আবেদন জানাচ্ছে।”

ইয়ানুকোভিচের আওতাধীন প্রশাসন পরিকল্পিতভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালিয়েছে। ১৫ ডিগ্রিরও কম তাপমাত্রায় তারা বিক্ষোভকারীদের উলঙ্গ করে রাখার মতো অপরাধও করেছে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত কেবলমাত্র আফ্রিকার একটি দেশের মানবতা বিরোধী অপরাধেল বিচারকাজ চালিয়েছে। ইউক্রেইন থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে সংস্থাটি তদন্তকাজ চালাবে বলে জানিয়েছে।

হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ২০০২ সালে গঠিত হলেও ইউক্রেইন এ চুক্তিতে এর আগে স্বাক্ষর করেনি। তাই দেশটির কোনো বিষয়ে তদন্ত চালাতে হলে আগে সরকারের পক্ষ থেকে আইসিসিতে আবেদন করতে হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।

আদালতের মুখপাত্র ফাদি এল আব্দেল্লা বলেন, একটি সরকারকে প্রথমে আদালতের বিচারকাজ মেনে নেয়ার ঘোষণা দিতে হয়। তা করা হলে তারপর কোর্ট সেখানে তদন্তকাজ চালাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে।

আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের চুক্তিতে ইউক্রেইন এর আগে স্বাক্ষর করেনি। এর অর্থ হচ্ছে, সয়ক্রিয়ভাবে দেশটিতে বিচারকাজ চালানোর মতো কোনো ক্ষমতা আইসিসির নেই। তবে সরকার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালে আদালতের তদন্তের ক্ষমতা সৃষ্টি হবে।

তবে আইসিসিকে আমন্ত্রণ জানানোর মানেই সেখানে তদন্তকাজ শুরু হয়ে যাওয়া নয়। এছাড়া আইসিসি কার বিরুদ্ধে তদন্ত করবে তাও ইউক্রেইন ঠিক করে দেয়ার অধিকার রাখে না। নিয়ম অনুযায়ী আদালত নিজস্ব বিচার বিবেচনার ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে।

শান্তিপূর্ণ সমাবেশে ‘হত্যাযজ্ঞ চালানোর অপরাধে’ ইয়ানুকোভিচের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্তী আর্সেন এভাকোভ।

গত শুক্রবার হেলিকপ্টার যোগে ইউক্রেইনের রাজধানী কিয়েভ ত্যাগ করেন ইয়ানুকোভিচ। তার প্রভাবাধীন পূর্বাঞ্চলীয় একটি শহরের উদ্দেশে তিনি রাজধানী ছেড়েছিলেন বলে জানা যায়।