ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইউক্রেইনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ এ ঘোষণা দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
ফেইসবুকে দেয়া এক পোস্টে আভাকভ জানান, জনাব ইয়ানুকোভিচ ও অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ‘শান্তিপ্রিয় জনগণের ওপর গণহত্যা’ চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আভাকভ বলেন, ইয়ানুকোভিচকে রোববার ক্রিমিন উপত্যকার বালাক্লাভায় দেখা গেছে। সেখান থেকে তিনি গাড়িতে করে তিনি সহযোগীদের নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন।
এরআগে দেশটির পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে আইনপ্রণেতারা ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করে। তার একদিন স্পিকার ওলেক্সান্দর তুর্কিনোভকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
২০১৩ সালের নভেম্বরের শেষদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে না গিয়ে রাশিয়ার কাছ থেকে বড় অংকের ঋণ নেন ইয়ানুকোভিচ। এরপর থেকে তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত দুদিন ধরে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
বৃহস্পতিবার রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত স্বাধীনতা চত্বরে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ, যাতে অনেক মানুষ হতাহত হন।
মঙ্গলবার থেকে দেশটিতে বিক্ষোভ সহিংসতায় পুলিশ ও বিক্ষোভকারীসহ অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
হতাহতের এ ঘটনার পর শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় সরকার ও বিরোধীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে চুক্তি হয়।
