২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় সিএনএন’র কার্যক্রম বন্ধ

ভেনেজুয়েলায় মার্কিন সংবাদ সংস্থা ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 01:32 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শনিবার সিএনএন এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।কারাকাসভিত্তিক সাংবাদিক ওসমারি হার্নান্দেজের অ্যাক্রিডেশন কার্ড বতিল করে সিএনএন’র কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।এছাড়া ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক অস্থিরতার সংবাদ সংগ্রহ করার জন্য যুক্তরাষ্ট্র থেকে পাঠানো সিএনএন’র অন্য দুই সাংবাদিকের কাজ করার অনুমতিও বাতিল করা হয়েছে।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, বিরোধীদলের সাম্প্রতিক সমাবেশের বিষয়ে সঠিক সংবাদ প্রকাশ না করা পর্যন্ত দেশটিতে সিএনএন’র কার্যক্রম বন্ধ থাকবে।চলতি মাসে শুরু হওয়ার সরকারবিরোধী প্রতিবাদ-বিক্ষোভে এ পর্যন্ত আটজন নিহত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেয়া বিরোধীদলীয় নেতা লিওপোল্ড লোপেজকে মঙ্গলবার কারাকাসের একটি প্রতিবাদ সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়া ও ডানপন্থী অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার সঙ্গে বৈঠকে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, “চ্যালেঞ্জটি গ্রহণ করুন এবং একটি শীর্ষ পর্যায়ের আলোচনায় সত্য কী তা প্রকাশ করবো।”

মাদুরো তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যুক্তরাষ্ট্রের রক্ষণশীল পক্ষ এবং এ পক্ষের গণমাধ্যমগুলোকে অভিযুক্ত করেছেন।

“ল্যাটিন আমেরিকার সার্বভৗমত্ব ও স্বাধীনতা পুরোপুরি মেনে না নেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কঠিন ও জটিল হবে,” বলে মন্তব্য করেছেন মাদুরো।

এর আগে রোববার বিরোধীদলের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করার অভিযোগে যুক্তরাষ্ট্রের তিন কূটনীতিককে বহিষ্কার করে ভেনেজুয়েলা।