‘পর্যটকদের জন্য হুমকি সিনাই’
মিশরের সিনাই অঞ্চলের ইসলামপন্থি জঙ্গিরা দেশটিতে ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের জন্য হুমকি হয়ে উঠছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাজেম বেবলাউই।
রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ পায় বলে বিবিসি জানিয়েছে।সম্প্রতি ইসলামপন্থি জঙ্গি দল আনসার বেইত আল-মাকদিস পর্যটকদের মিশর ত্যাগের হুমকি দিয়েছে। মিশরের কর্মকর্তারা জানান, এই হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স জানায়, জঙ্গি দলটির সঙ্গে সম্পর্ক আছে এমন একটি ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই হুমকি দেয়া হয়।ওই টুইটার বার্তায় মিশরে অবস্থান করা সব পর্যটককে বৃহস্পতিবারের (২০ ফেব্রুয়ারি) মধ্যে মিশর ত্যাগের সময় বেধে দেয়া হয়। নতুবা তাদের হামলার মুখোমুখি হওয়ার হুমকি দেয়া হয়েছে।সিনাইয়ে ক্রমশ বিস্তারলাভ করতে থাকা জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে মিশরের অন্তর্বর্তীকালীন সরকারকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে।যদিও আনসার বেইত আল-মাকদিস সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে।কিন্তু রয়টার্স জানিয়েছে, এই টুইটার অ্যাকাউন্ট থেকে এর আগে এই দলের পক্ষে কথা বলা হয়েছে।এদিকে হুমকির বিষয়ে লন্ডনে মিশরের দূতাবাসের মুখপাত্র বলেন, “যেহেতু সরকার হুমকিটির সত্যতার বিষয়ে নিশ্চিত হতে পারছে না তাই শারস আল শেখ এলাকার পর্যটকদের নিরাপত্তার জন্য কয়েক দিন সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।“রোববার মিশরে পর্যটকদের বহনকারী একটি বাসে ভয়াবহ হামলায় দক্ষিণ কোরিয়ার তিন জন এবং একজন মিশরীয় পর্যটক নিহত হন। আনুষ্ঠানিকভাবে দেয়া এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করেছে আনসার বেইত আল-মাকদিস।২০১১ সালে হোসনি মুবারকের পতনের পর সিনাই পেনিনসুলায় বিশৃঙ্খলা ক্রমশ বাড়তে থাকে। ২০১৩ সালে সেনাবাহিনী কর্তৃক প্রেসিডেন্ট মোহামেদ মুরসির উৎখাতের পর সেখানে বিশৃঙ্খলা আরো বেড়ে যায়।
