২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান আস্তানায় পাক বিমান হানায় নিহত ৪০

পাকিস্তানে তালেবান আস্তানার ওপর সামরিক বাহিনীর ব্যাপক জঙ্গিবিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Feb 2014, 07:36 PM

Updated : 22 Aug 2022, 05:45 PM

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অনুমতিতে জাতিগত পশতুন এলাকায় বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।

তালেবানদের সঙ্গে সরকারের শান্তি আলোচনার চেষ্টা এ সপ্তাহে ভেস্তে যাওয়ার পর এ হামলা হল।

এর মধ্য দিয়ে শরীফ শেষ পর্যন্ত তালেবান ঘাঁটিগুলোতে কঠোর সামরিক অভিযান চালানোর চাপের কাছে নতি স্বীকার করছেন বলে মনে করা হচ্ছে।

সরকারি এক কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনীকে তিনদিন সংযত থাকতে বলার পর প্রধানমন্ত্রী গত রাতে তালেবান ঘাঁটিতে হামলার অনুমতি দেন।

গোয়েন্দা এক কর্মকর্তা রটার্সকে জানান, “ভিন্ন ভিন্ন ৬ টি জায়গায় বোমা বর্ষণ করা হয়েছে। এতে মির আলী এলাকায় অন্তত ৪০ জঙ্গি নিহত হয়”।

সেনাবাহিনী মূলত উজবেক এবং তুর্কিদের পরিচালিত প্রশিক্ষণ শিবিরগুলো লক্ষ্য করেই হামলা চালিয়েছে বলে জানান আরেক কর্মকর্তা।

আফগান সীমান্তবর্তী ওই এলাকাগুলো তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। অত্যন্ত সতর্কতার সঙ্গে কেবল তালেবান আস্তানাগুলোতেই বোমাবর্ষণ করা হয়। এসব হামলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন এক পাক কর্মকর্তা। এর আগে পাক সরকারের উদ্যোগে তলেবানের সঙ্গে ইসলামাবাদে শান্তি আলোচনা শুরু হলেও পরে তালেবানদের অপহৃত আধাসামরিক বাহিনীর ২৩ সেনা হত্যার ঘটনায় সে আলোচনা ভেস্তে যায়।