রাজীব গান্ধীর খুনিদের মুক্তি স্থগিত
ভারতের কেন্দ্রীয় সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সর্বোচ্চ আদালত সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর খুনিদের মুক্তির ব্যাপারে রাজ্য সরকারের নেয়া সিদ্ধান্ত স্থগিত করেছে।
রাজীব হত্যাকারীদের মুক্তিতে কেন্দ্রকে ৩ দিনের আল্টিমেটাম
বুধবার রাজীব হত্যাকাণ্ডে জড়িত সাতজনের মুক্তি দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অনুমোদন চায় তামিলনা্ডু সরকার। মুখ্যমন্ত্রী জয়ললিতা ঘোষণা দিয়েছেন, কেন্দ্র থেকে তিনদিনের মধ্যে অনুমোদন না দিলে তিনি নিজ ক্ষমতা বলে তাদের মুক্তি দেবেন।মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে কংগ্রেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে।
পাশাপাশি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পি সদাশিভম এ ব্যাপারে আইনি কোন ঘাটতি রয়েছে কি না তা যাচাই-বাছাইয়ের জন্য দণ্ডিতদের মুক্তির ব্যাপারে রাজ্য সরকারের নেয়া সিদ্ধান্ত স্থগিত করে বলে এনডিটিভি জানিয়েছে।প্রধান বিচারপতি বলেন, “আইনি প্রক্রিয়ায় কোন ঘাটতি রয়েছে কিনা আমরা সে ব্যাপারে সচেতন। আর এই বিষয়টিই খতিয়ে দেখা হবে।”
আদালত তামিলনাডু সরকারকে এ ব্যাপারে নোটিশ পাঠিয়েছে এবং ৬ মার্চ এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
এরআগে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, তামিলনাডু সরকারের এই সিদ্ধান্ত আইনতও সমর্থনযোগ্য নয়।
তিনি আরো বলেন, “রাজীব গান্ধীর হত্যাকাণ্ড ভারতের মর্মমূলে আঘাত হেনেছিল। কোন সরকার কিংবা দলেরই উচিৎ হবে না সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নমনীয় হওয়া।”
আদালত শান্তন, পেরারিবালন ও মুরুগনের মুক্তির বিষয়টিই স্থগিত করেছে।এরআগে কেন্দ্রীয় সরকারের শীর্ষপর্যায়ের একসূত্র জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর খুনিদের মুক্তি দেয়ার প্রশ্নই আসে না। আর এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অবশ্যই বলার আছে।”কংগ্রেসের সহ-সভাপতি রাজীব গান্ধীর ছেলে রাহুল বুধবার মন্তব্য করেন, তিনি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু তার বাবার হত্যাকারীদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত শুনে তিনি স্তম্ভিত হয়ে গেছেন।
তিনি প্রশ্ন তোলেন, “যদি একজন প্রধানমন্ত্রীর হত্যাকারীরা মুক্তি পেয়ে যায় তবে আইনের কাছে সাধারণ মানুষ কি আশা করবে?”
রাহুলের এই মন্তব্যের পর কংগ্রেসের পক্ষ থেকে জয়ললিতা সরকারের তীব্র নিন্দা ও সমালোচনা করে বিবৃতি দেয়া হয়। তাতে রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেয়ার সিদ্ধান্তকে “বিপথগামী, দায়িত্বহীন” বলে আখ্যা দেয়া হয়।
অন্যদিকে, এই মুক্তির সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার কি এই ভাবে দণ্ডিতদের মুক্তির সিদ্ধান্ত নিতে পারে? জয়ললিতার বক্তব্য হচ্ছে- ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪৩৫ ধারা অনুযায়ী অপরাধীদের মুক্তি দিতে কেন্দ্রের অনুমতি প্রয়োজন। কিন্তু তারও নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তিন দিনের মধ্যে কেন্দ্র থেকে জবাব না এলে ওই কার্যবিধির ৪৩২ ধারায় রাজ্য সরকারই তাদের মুক্তি দিতে পারে।
অবশ্য জয়ললিতার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বক্তব্য- “সিআরপিসি-র ৪৩৫ ধারায় স্পষ্টই বলা হয়েছে, কোনও কেন্দ্রীয় সংস্থা দ্বারা কোনও অপরাধের তদন্ত এবং কেন্দ্রীয় আইনে তার বিচার হলে একমাত্র কেন্দ্রীয় সরকারই দোষীদের শাস্তি কমাতে বা মুক্তি দিতে পারে।”
“রাজীব গান্ধীর হত্যাকারীদের তদন্ত করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। বিচারও হয়েছে কেন্দ্রীয় আইন টাডায়। ফলে অপরাধীদের মুক্তি দেওয়ার কোনও অধিকার রাজ্য সরকারের নেই। এটি সম্পূর্ণই কেন্দ্রীয় সরকারের এখতিয়ার। আর এ কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য গোটা বিষয়টি তারা কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন” বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।বুধবার রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দণ্ডিত ৭জনকে তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার।
মুখ্যমন্ত্রী জয়ললিতার মন্ত্রিসভা বুধবার সকালে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
মঙ্গলবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ রহিত করে তাদের আজীবন কারাভোগের নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত।
তার ঠিক একদিন পরই দণ্ডিতদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।মৃত্যুদণ্ডে দণ্ডিতদের ক্ষমা ভিক্ষা আবেদনের নিষ্পত্তির জন্য ১১ বছর দেরি হওয়ার সময়টি আসামীদের জন্য কষ্টদায়ক ছিল না বলে সরকার পক্ষের দাবিও খারিজ করে দেয় আদালত।আদালত নির্দেশনা দেয়, যদি তামিলনাডু সরকার তাদের ক্ষমা করে তবে অভিযুক্ত সাঁথন, মুরুগন ও পেরারিভালন মুক্তিও পেতে পারেন।চলতি বছরের মে মাসে ভারতের জাতীয় নির্বাচনের আগে এ রায় দেশটির রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।ওই তিন ব্যক্তির ফাঁসির দণ্ড রহিত করার রায় দেয়ার সময় ভারতের প্রধান বিচারপতি পি সদাশিভমের নেতৃত্বাধীন বেঞ্চ বলেন, “প্রেসিডেন্টের ক্ষমতায় হস্তক্ষেপ করা এই আদালতের জন্য সুখকর কোনো বিষয় নয়। ক্ষমা ভিক্ষার আবেদন যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা উচিত, প্রেসিডেন্টকে এই পরামর্শ দেয়ার জন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।”অভিযুক্তরা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, দেশটির সরকারের এ অভিমত গ্রহণ করেনি আদালত।ভারতের অ্যাটর্নি জেনারেল গুলাম ভাহানভাতি বলেছেন, “অভিযুক্তদের ক্ষমা ভিক্ষার আবেদনে তারা অপরাধবোধ করছে, এমন একটি শব্দও ছিল না। ক্ষমা ভিক্ষার আবেদন নিষ্পত্তির বিলম্বে তারা মানসিক যন্ত্রণা, অত্যাচার ও অমানবিক কোনো পরিস্থিতিতে পড়েনি।”সরকারি আইনজীবীরা ক্ষমা ভিক্ষার আবেদন নিষ্পত্তি বিলম্বে অভিযুক্তরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রমাণ করার আর্জি জানালেও আদালত তা বাতিল করে দেয়।
আদালতের এই রায়ের পর অভিযুক্তদের আইনজীবী যুগ চৌধুরী এনডিটিভিকে বলেন, “এটি খুব বিবেচনাপ্রসূত এবং মানবিক বিচার, এটি আমাদের দেশ থেকে মৃত্যুদণ্ড তুলে দেয়ার পথ প্রশস্ত করবে।”
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন কংগ্রেস নেতা রাজীব গান্ধী। ওই ঘটনায় শ্রীলঙ্কার তামিল টাইগারদের সাত সদস্য শান্তন, পেরারিবালন, মুরুগন, নলিনী, রবার্ট পায়াস, জয়কুমার এবং রবিচন্দ্রনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেয়া হয়।
ওই ঘটনায় ১৯৯৮ সালে তিন আসামি শান্তন, পেরারিবালন ও মুরুগনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও ফাঁসির আদেশ বহাল থাকে। আর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন নলিনী, রবার্ট পায়াস, জয়কুমার এবং রবিচন্দ্রন।
মঙ্গলবার ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে ফাঁসি এড়ান তিন আসামি শান্তন, পেরারিবালন ও মুরুগন।
